পঞ্চগড়ের বোদায় এসএসসি পরীক্ষায় ব্যাপক হারে নকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় চলতি এসএসসি ও দাখিল পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ব্যাপক হারে নকলের আশ্রয় নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ব্যাপারে অবগত করা সত্ত্বেও স্থানীয় প্রশাসন এতে কোনো কর্ণপাত করছে না। বোদা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত দাখিল পরীক্ষা কেন্দ্রে শুক্রবার গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা মুঠোফোন সঙ্গে নিয়েই কেন্দ্রে ঢুকছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শকের সামনেই স্থানীয় একটি দাখিল মাদ্রাসার এক পরীক্ষার্থী মুঠোফোনে উত্তর সংগ্রহ করায় ব্যস্ত থাকতে দেখা গেছে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধেও নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর সরবরাহের অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এবার বিভিন্ন কেন্দ্রে মুঠোফোনে উত্তর সংগ্রহসহ নানা পন্থায় নকল চলছে। স্থানীয় সাংবাদিকেরা বিষয়টি কেন্দ্রসচিবকে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, পরীক্ষার্থীরা ভুলবশত মুঠোফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে। এতে আপত্তির কিছু নেই। এদিকে কেন্দ্রসচিবের অনুমতিক্রমে সাংবাদিকদের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের সুযোগ থাকলেও তিনি সাংবাদিকদের প্রবেশ করতে না দিতে কেন্দ্রসচিবদের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মুঠোফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা নিষিদ্ধ। আর কেন্দ্রসচিবের অনুমতি নিয়ে সাংবাদিকেরা কেন্দ্র পরিদর্শন করতে পারবেন।