পঞ্চগড়ের সেই সেবিকা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পের সময় মৃত্যুর ঝুঁকি নিয়ে কর্তব্য পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করার স্বীকৃতিস্বরূপ পঞ্চগড়ের সেই সেবিকাকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া দুই হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড সেবিকা আর্জিনার হাতে তুলে দেন।আর্জিনা পঞ্চগড় শহরের সিটি জেনারেল হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত রয়েছেন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার ইমাম, এনডিসি মোহাম্মদ হামিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাছনাত মো. আরেফিন, ওসমান গণি, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান ও সিটি জেনারেল হাসপাতালের পরিচালক জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।গত রোববার সন্ধ্যায় ভূমিকম্পের সময় সিজারিয়ান অস্ত্রোপচারের সময় এক প্রসূতি ও নবজাতককে ফেলে চিকিৎসকসহ অন্যরা ভয়ে অস্ত্রোপচার কক্ষ থেকে পালিয়ে গেলেও সেবিকা আর্জিনা খাতুন প্রসূতি ও নবজাতককে আগলে রেখেছিলেন। গত ২০ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘এক সেবিকার অনন্য দৃষ্টান্ত’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।পুরস্কৃত হওয়ার পর আর্জিনা খাতুন বলেন, ‘ভালো কাজের যে মূল্যায়ন হয়, তার প্রমাণ আজ আমি নিজেই।’ তিনি বলেন, ‘দায়িত্ব ও কর্তব্যের কথা মনে করে এবং মা ও শিশুর জীবন বিপন্ন হতে পারে—এই ভেবে ওই দিন অস্ত্রোপচার কক্ষে থেকে যাই।’