বিপাকে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীরা
পঞ্চগড়ের ৩৪২টি স্কুল-মাদ্রাসায় চারু ও কারুকলার শিক্ষক নেই
পঞ্চগড়ের পাঁচটি উপজেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এই বিষয়টিকে আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করায় জেলার শিক্ষার্থী ও অভিভাবকেরা দুশ্চিন্তায় পড়েছেন। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বিপাকে পড়েছে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় ২৭২টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় এবং ৭২টি দাখিল মাদ্রাসা রয়েছে। এর মধ্যে চারটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুটিতে চারু ও কারুকলার শিক্ষক আছেন।
শিক্ষক ও অভিভাবকেরা জানান, জেলার প্রায় ১৫ হাজার পরীক্ষার্থীকে ৪ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
জেলা শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, চলতি ২০১৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চারু ও কারুকলাকে আবশ্যিক বিষয় হিসেবে জাতীয় শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষায় এই বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
বোদা উপজেলা সদরের বোদা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে কখনো চারু ও কারুকলার শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ বছর বিষয়টিকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হলেও এ ব্যাপারে তাঁরা বিস্তারিত কিছু জানেন না। বাধ্য হয়ে এ বিষয়ে যে শিক্ষকের ধারণা রয়েছে, তাঁকে দিয়েই ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়গুলোতে পদ সৃষ্টি না করায় এ বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না।
পঞ্চগড় সদর উপজেলার ছফিরউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বলেন, ধারণার ওপর চারু ও কারুকলা বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এক মাসেরও কম সময় পরই জেএসসি পরীক্ষা। অথচ পরীক্ষার্থীদের এ বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া যাচ্ছে না।
সদর উপজেলার হাঁড়িভাসা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামস কিবরিয়া প্রধান বলেন, ‘অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চারু ও কারুকলা বিষয়টি নিয়ে খুবই চিন্তায় পড়েছে। আমরাও তাদের ঠিকমতো বিষয়টি সম্পর্কে ধারণা দিতে পারছি না।’
একই কথা বললেন সদর উপজেলার জমিরন নেছা দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. হামিদুল ইসলাম। মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শিমু আকতার বলে, ‘চারু ও কারুকলা বিষয়ে আমরা স্বচ্ছ কোনো ধারণা পাইনি।’
দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম জানান, বিদ্যালয়ের জীববিজ্ঞান শিক্ষকদের দিয়ে চারু ও কারুকলা বিষয়ের পাঠদান নিশ্চিত করা হয়েছে। বিদ্যালয়গুলোতে খণ্ডকালীন হলেও শিক্ষক নিয়োগ দিতে বলা হয়েছে। বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে। ভবিষ্যতে হয়তো এ সমস্যা আর থাকবে না।