পঞ্চগড়-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবি
পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তনগর ট্রেন চালুর দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন হয়েছে। ‘রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ, পঞ্চগড়-ঠাকুরগাঁও’ নামের একটি সংগঠন গতকাল বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্কের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন করে।
আন্তনগর ট্রেন চালুর দাবিতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তব্য দেন উদীচীর পঞ্চগড় জেলা সভাপতি শফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, আইনজীবী আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ, শিক্ষক আজাহারুল ইসলাম, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন ও পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল যোগাযোগ উন্নয়ন পরিষদের সদস্যসচিব আসাদ উজ জামান।
এ সময় বক্তারা বলেন, ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত মিটারগেজ রেলপথ আধুনিকায়ন করে ডুয়েল গেজে উন্নতির কাজ গত বছর শেষ হলেও অজ্ঞাত কারণে পঞ্চগড় থেকে ঢাকা আন্তনগর ট্রেন চালু হচ্ছে না। এমনকি গত ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
মানববন্ধনকারীরা অবিলম্বে পঞ্চগড়-ঢাকা আন্তনগর ট্রেন চালুর দাবি জানান। একই সঙ্গে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনকে সরাসরি পঞ্চগড় পর্যন্ত বর্ধিত করারও দাবি জানানো হয়।