সংবিধানের পঞ্চদশ সংশোধনীসহ চারটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।
গত সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ফারহাত কাদের চৌধুরীর এই রিট আবেদন জমা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, আবেদনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা ব্যক্তি ও ব্যক্তিসমষ্টির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগসহ চারটি বিষয় চ্যালেঞ্জ করা হয়েছে।
মাহবুবে আলম বলেন, পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করলে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। রিট আবেদনে ব্যক্তি বা ব্যক্তিসমষ্টি অন্তর্ভুক্ত করার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ৬ ধারা অনুসারে হাইকোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য করা হয়, এটিও চ্যালেঞ্জ করেছেন সাকা চৌধুরীর স্ত্রী।
ট্রাইব্যুনাল আইনের ৬ ধারা অনুসারে বিচারপতি নিজামুল হককে চেয়ারম্যান করে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরবর্তী সময়ে ওই ধারা অনুসারে একাধিকবার হাইকোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-১। পরে আপিল বিভাগেও সাকা চৌধুরীকে দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখা হয়।