পঞ্চদশ সংশোধনী প্রত্যাখ্যান করলেন আদিবাসী নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১-তে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ায় তা প্রত্যাখ্যান করেছেন রাঙামাটি ও বান্দরবানের আদিবাসী নেতারা। তাঁরা আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব সংবিধানে যথাযথভাবে স্বীকৃতির ব্যবস্থা ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন।গতকাল শুক্রবার রাঙামাটি ও বান্দরবান জেলা শহরে আয়োজিত দুটি পৃথক সংবাদ সম্মেলনে আদিবাসী নেতারা এ দাবি জানান।বেলা ১১টার দিকে বান্দরবান শহরের উজানিপাড়ার ত্রিপুরা কল্যাণ সংসদের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও আদিবাসী ফোরাম। নাগরিক কমিটির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক নূশৈ প্রু চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, রাষ্ট্রের সংবিধানে বর্ণ, ধর্ম, জাতি-নির্বিশেষে সব জনগোষ্ঠীর মানুষের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, মূল্যবোধ ও পরিচয়কে ধারণ করাটাই স্বাভাবিক। কিন্তু সেটা না করে জাতি-পরিচয়ে বাঙালি অভিহিত করে আদিবাসীদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সাধুরাম ত্রিপুরা, দেন্দোহা জলাই ত্রিপুরা, খুমী সাংস্কৃতিক কাউন্সিলের সভাপতি লেলুং খুমী, আদিবাসী ফোরামের জেলা সভাপতি ও চাক নেতা মংমং চাক, মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলি মারমা, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ।আদিবাসী নেতারা বলেন, ১৯৭২ সালের সংবিধানে স্বীকৃতি না দিয়ে আদিবাসীদের অনানুষ্ঠানিকভাবে জাতীয় মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। এবার সরকার জবরদস্তি করে তথাকথিত উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও সম্প্রদায় আত্মপরিচয় চাপিয়ে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। এ রকম আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়ায় অতীতের মতো জাতিকে আবারও চরম খেসারত দিতে হতে পারে।বিকেলে রাঙামাটির একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখা। কমিটির সাধারণ সম্পাদক রকি চাকমা লিখিত বক্তব্যে বলেন, সংবিধান সংশোধনকালে পার্বত্য চুক্তিসহ পার্বত্য চট্টগ্রামের জন্য প্রণীত বিশেষ আইনগুলোর সাংবিধানিক সুরক্ষার ব্যবস্থা রাখা হয়নি। দেশের বিভিন্ন সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে আদিবাসী না বলার পেছনে সরকারের অবস্থানের কোনো দৃঢ় ভিত্তি নেই বলে উল্লেখ করেন তিনি।আইনমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীরা আদিবাসী নয় বলে যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করে রকি চাকমা বলেন, স্বল্প জনসংখ্যার জাতিগোষ্ঠীগুলো যে আদিবাসী, সে সত্য ধামাচাপা দিতে সরকার দিশেহারা হয়ে পড়েছে।সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা শাখার সভাপতি মংসানু চৌধুরী ও প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটিসহ আদিবাসীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হলেও সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটি কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত করেনি। আমরা আশা করেছিলাম, সংসদের আদিবাসী প্রতিনিধিরা সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কিন্তু তাঁরা সেটা করেননি।’আদিবাসী সংগঠনগুলোর নেতারা বলেন, সমমনা সব সংগঠনের যৌথ উদ্যোগে আন্দোলন করা হবে এবং সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারে আদিবাসী সাংসদদের নির্লিপ্ততার বিষয়টিও জনগণের কাছে তুলে ধরার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।