পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল এবং সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে স্বীকৃতি দেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার তিন পার্বত্য জেলায় মানববন্ধন হয়েছে।বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে একযোগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচির ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মানববন্ধন শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের নেতারা ২০ ও ২১ জুলাই রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেন। পৃথক এক বিবৃতিতে ১৪ জুলাই তিন জেলায় ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।খাগড়াছড়ি: জেলা সদরসহ পানছড়ি, দীঘিনালা ও মহালছড়ি উপজেলার আদিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন। এসব এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার আদিবাসী জনগোষ্ঠী রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে অংশ নেওয়া স্বনির্ভর বাজারের সবজি বিক্রেতা রুদ্র কুমার ত্রিপুরা বলেন, ‘আমি কোনো দিন বাঙালি হই ন পারিব (আমি কখনো বাঙালি হতে পারি না)।’ সিঙ্গিনালা গ্রামের গৃহবধূ মাঞে মারমা বলেন, একজন মারমা কোনো দিন বাঙালি হতে পারে না।রাঙামাটি: জেলার ১০টি উপজেলার সব কটিতেই গতকাল শান্তিপূর্ণভাবে মানববন্ধন হয়েছে। ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, মৌজাপ্রধান, হেডম্যান ও গ্রামপ্রধানদের সংগঠন কার্বারি সমিতি ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মানববন্ধনে অংশ নেয়। কুতুকছড়ি এলাকায় মানববন্ধনে অংশ নেওয়া নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রীতি কুমার চাকমা বলেন, ‘বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করলেও তা রক্ষা করেনি, বরং আমাদের জাতীয়তার বিলুপ্তি ঘটিয়ে বাঙালি পরিচয়ে পরিচিত করার চেষ্টা করছে।’ সাংবিধানিক স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান।বান্দরবান: বান্দরবানে গতকাল ওই কর্মসূচি পালনে প্রশাসন বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউপিডিএফের নেতা-কর্মীরা। ইউপিডিএফের জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা বলেন, স্থানীয় প্রেসক্লাব চত্বরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাঁদের বাধা দেয়। পরে বালাঘাটা বাজারে ওই কর্মসূচি পালনের উদ্যোগ নিলে সেখানেও তাঁদের বাধা দেওয়া হয়। এরপর তাঁরা দলীয় কার্যালয়ে বিক্ষোভ সভা করেন। সভায় তিনি সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা সভাপতি অন্তর মারমা, প্রুচিং মারমা প্রমুখ।[এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন, নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি ও বাঘাইছড়ি, কাউখালী; খাগড়াছড়ি, দীঘিনালা; বান্দরবান ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি]