পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি আদিবাসী নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার প্রায় সাড়ে তিন হাজার বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃত্ব হেডম্যান-কার্বারি, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন পেশার ব্যক্তিরা। গতকাল রোববার এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গত ২৫ জুন জাতীয় সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল ২০১১ উত্থাপনের পর ৩০ জুন তড়িঘড়ি করে তা পাস করা হয়েছে। এই বিলে বর্তমান সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে: ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।’ আমরা এভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিগুলোসহ সমতল অঞ্চলে বাঙালি ছাড়া অন্য সংখ্যালঘু জাতিগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ একটি বহুজাতিক ও বহুভাষিক রাষ্ট্র। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে ভিন্ন ভিন্ন, কিন্তু নাগরিক হিসেবে সবাই বাংলাদেশি। পার্বত্য চট্টগ্রামসহ দেশের ভিন্ন ভাষাভাষী সংখ্যালঘু জাতিগুলো নিজেদের কখনোই বাঙালি বলে পরিচয় দেবে না।বিবৃতিতে সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: অবিলম্বে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিগুলোর নিজ জাতিগত পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে; পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে আত্মনিয়ন্ত্রণাধিকার দিতে হবে এবং পাহাড়ি জনগণের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি প্রদান; এবং সেটলারদের সমতল অঞ্চলে সম্মানজনক পুনর্বাসন ও সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে।বিবৃতিতে স্বাক্ষর করেন প্রবীণ শিক্ষক অনন্ত বিহারি খীসা, অধ্যাপক বোধিসত্ত দেওয়ান, ড. সুধীন কুমার চাকমা, শরণার্থীকল্যাণ সমিতির সভাপতি প্রভাকর চাকমা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বীরেন্দ্র কিশোর রোয়াজা, ঠিকাদার সমিতির সভাপতি রবিশংকর তালুকদার, হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্মবীর চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সোনারতন চাকমা, রাঙামাটি জেলার নানিয়ার চর উপজেলার চেয়ারম্যান প্রীতিম চাকমাসহ বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, সদস্য, হেডম্যান, কার্বারি, শিক্ষক ও বিভিন্ন পেশার ব্যক্তিদের নিয়ে তিন হাজার ৪৫০ জন ব্যক্তি।