পঞ্চদশ সংশোধনী সুশাসনের শর্ত পূরণে ব্যর্থ
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী সুশাসনের শর্ত পূরণ করে সমাজে স্বস্তি আনতে ব্যর্থ হয়েছে। তবে সংবিধানের প্রস্তাবনায় মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করায় ইতিহাস পরিশুদ্ধ হয়েছে।গতকাল শনিবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং এর প্রভাব’ শীর্ষক সেমিনারে শাহদীন মালিক এ কথা বলেন। শাহদীন মালিক বলেন, সংবিধান হলো ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন ও বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্কের রূপরেখা। কিন্তু সংবিধান ক্রমান্বয়ে ব্যবহারিক আইনে পরিণত হচ্ছে। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে কিছু দণ্ডবিধি যুক্ত করা হয়েছে। এতে সংবিধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, স্টেট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য মেজর জেনারেল (অব.) এম শাহজাহান ও রেজিস্ট্রার এ ওয়াই এম একরাম-উদ-দৌলা। আসিফ নজরুল বলেন, একটি ভালো সংশোধনীর পূর্বশর্ত হলো এর সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করার ক্ষমতা।