পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আদিবাসীদের বাঙালি করে অস্তিত্ব বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আর রাষ্ট্রধর্ম “ইসলাম” করে অন্য ধর্মাবলম্বীদের হেয় করা হয়েছে।’ গতকাল মঙ্গলবার রাঙামাটি জেলা পরিষদের সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নাগরিক সনদবিষয়ক কর্মশালায় সন্তু লারমা এসব কথা বলেন। তিনি আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং আঞ্চলিক পরিষদকে যথাযথ দায়িত্ব ও ক্ষমতা প্রদানের ওপর নাগরিক সনদ বাস্তবায়ন নির্ভর করছে। তিনি আরও বলেন, দেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার-ব্যবস্থার প্রচলন না হলে যেকোনো প্রতিষ্ঠানে নাগরিক সনদ বাস্তবায়ন কঠিন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নাগরিক সনদের সঙ্গে তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) জেলা পরিষদসহ পার্বত্য এলাকার সব প্রতিষ্ঠান জড়িত। কারণ পার্বত্য চুক্তিতে এসব প্রতিষ্ঠানকে সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে।কর্মশালায় অন্য বক্তারা নাগরিক সনদ বাস্তবায়নে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদগুলোকে দলীয়করণ মুক্ত করা, নাগরিকদের সচেতনতা সৃষ্টি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যবিধিমালা অনুমোদনের প্রস্তাব করেন। কর্মশালায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা বলেন, একটি জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পার্বত্য জেলা পরিষদে মনোনীত হয়ে কাজ করতে নানা বাধার সম্মুখীন হতে হয়। জনগণের কাছে সেবা পৌঁছে দিতে জেলা পরিষদে দ্রুত নির্বাচন করার প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী কর্মকর্তা রবার্ট স্টলম্যান বলেন, ইউএনডিপি সুশাসন প্রতিষ্ঠা, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে সহায়তা দিয়ে যাচ্ছে।নাগরিক সনদের ধারণাপত্রে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের নাগরিকদের তাঁদের মতামত তুলে ধরার, কী ধরনের সেবা দরকার এবং কীভাবে সে সেবা পাওয়া যাবে, সে সুযোগ সৃষ্টি করা নাগরিক সনদের মূল উদ্দেশ্য। জনপ্রশাসন, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং নাগরিকদের জনসেবা ও তা প্রদানের একটি মাধ্যম নাগরিক সনদ। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কাছ থেকে নাগরিক সমাজের প্রত্যাশা নাগরিক সনদে সন্নিবেশ করতে জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃত্ব, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা ও বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। নাগরিক সনদ তৈরিতে আর্থিক সহায়তা দিচ্ছে ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্প। নাগরিক সনদবিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন পরামর্শক মঙ্গল কুমার চাকমা। কর্মশালায় রাঙামাটি জেলা প্রশাসনের প্রতিনিধি, তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, পেশাজীবী ও প্রশাসনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।