পঞ্চপুকুর ইউনিয়ন বাল্যবিবাহ যৌতুক মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়নের পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে ওই ঘোষণা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী প্রমুখ।
শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান ইউএনও।
ইউএনও বলেন, আগামী এপ্রিল মাসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আনুষ্ঠানিকভাবে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন। এরই ধারাবাহিকতায় গতকাল পঞ্চপুকুর ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়।