পঞ্চপুকুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের পাঁচটি ইউনিয়নে ৩১ মার্চ নির্বাচন হবে। এর মধ্যে এই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে এক বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন।
পঞ্চপুকুর ইউনিয়নে মোট ছয়জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হবিবর রহমান (আওয়ামী লীগ), ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার (আওয়ামী লীগ বিদ্রোহী), ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান প্রামাণিক (আওয়ামী লীগ বিদ্রোহী), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হক (আওয়ামী লীগ বিদ্রোহী), রফিকুল ইসলাম (বিএনপি) ও জাপা নেতা নুরুল আমিন সরকার (স্বতন্ত্র)।
গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত পঞ্চপুকুর ইউনিয়নে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রার্থী ও প্রার্থীর সমর্থকেরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে বিভিন্ন হাটবাজার, বাসাবাড়ির দেয়াল ও গাছপালা। বেলা দুটা বাজার সঙ্গে সঙ্গে ইজিবাইকে লাগানো মাইকে শুরু হয়ে হয় প্রচারণা।
কয়েকজন ভোটার জানান, প্রার্থীরা আসছেন। ভোটাররা তাঁদের কথা শুনছেন। তাঁরা পছন্দের প্রার্থীকে বেছে নেবেন।
ওয়াহেদুল ইসলাম বলেন, ‘তৃণমূলের নির্বাচনে টাকাপয়সা লেনদেন হওয়ায় আমি আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করার পর তা প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আওয়ামী লীগের প্রার্থী তাঁর প্রচারগাড়িতে ব্যানার ব্যবহার করছেন। আর অপর বিদ্রোহী প্রার্থী নাজমুল হক আচরণবিধির কোনো তোয়াক্কা না করে তাঁর দুই ভাইকে দিয়ে দুটি মাইক্রোবাসে পোস্টার লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন।’
নাজমুল হকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান, হবিবর রহমান, স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন সরকার।
এর পাশাপাশি মশিউর রহমান ও নুরুল আমিন সরকার অভিযোগ করে বলেন, ‘হবিবর এলাকায় বলে বেড়াচ্ছেন, আমি একটি ভোট পেলেও চেয়ারম্যান হব।’ তবে এক ভোট পেলেও চেয়ারম্যান হব—এমন অভিযোগ অস্বীকার করে হবিবর বলেন, ‘সবাই যানবাহনে ও দেয়ালে পোস্টার লাগিয়েছিল, তাঁদের দেখাদেখি আমার কর্মীরাও লাগিয়েছিলেন। পরে সেগুলো ছিঁড়ে ফেলেছি।’
অভিযোগের বিষয়ে নাজমুল হকের সঙ্গে পঞ্চপুকুর বাজারে কথা হয়। এ সময় তিনি বলেন, এমন অভিযোগ কেউ করতে চাইলে করতেই পারেন। এরপর তিনি অনেক ব্যস্ততার কথা বলে স্থান ত্যাগ করার আগে বলেন, ‘আগামী শুক্রবার এলে আমার সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারবেন।’
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চপুকুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর মোহাম্মদ রুহুল ইসলাম বলেন, ‘গতকাল বিকেলে আমরা পুলিশ নিয়ে আঠা দিয়ে লাগানো সব পোস্টার পরিষ্কার করেছি। প্রচারগাড়িতে ব্যবহার করা পোস্টার ও ব্যানার ব্যবহার বন্ধ করেছি। নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর চিঠি দিয়ে তাঁকে সতর্ক করেছি। এরপরও কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’