পঞ্চবার্ষিক পরিকল্পনায় রংপুরকে গুরুত্ব দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পিছিয়ে পড়া রংপুর অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এ অঞ্চলের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
গতকাল শনিবার পরিকল্পনা কমিশন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খসড়ার ওপর অংশগ্রহণমূলক আঞ্চলিক পরামর্শ সভায় বক্তারা এসব কথা বলেন।
উপাচার্য এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ। এ ছাড়া আলোচনা করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও জ্যেষ্ঠ সচিব শামসুল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান নাকিব বিন মাহবুব ও সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্ম প্রধান মোস্তাফিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় মসিউর রহমান বলেন, রংপুরকে দেশের অন্যতম উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। এ অঞ্চলের জনগণকে প্রশিক্ষিত করে জনশক্তিতে রূপান্তরিত করা হবে।