পঞ্চম আদমশুমারি আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হচ্ছে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা-২০১১। চলবে ১৯ মার্চ পর্যন্ত। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে আদমশুমারি ও গৃহগণনায় অন্তর্ভুক্ত হয়ে গণনাকারীদের সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সোমবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে গণনার মাধ্যমে আদমশুমারি শুরু হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে এই আদমশুমারি চলবে। এ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ‘দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য জনসংখ্যাসহ গৃহস্থালিবিষয়ক সঠিক পরিসংখ্যান জানা অত্যন্ত জরুরি। জাতীয় গুরুত্বের কথা বিবেচনা করে জনসংখ্যাবিষয়ক তথ্য যথাযথভাবে সংগ্রহ ও নির্ভুলভাবে প্রক্রিয়াকরণ করতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, ‘বর্তমান সরকার সর্বোচ্চ জনসেবা প্রদানে বিশ্বাসী। আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’