পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও অষ্টম শ্রেণি শেষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা নিয়ে একের পর এক সিদ্ধান্ত বদলের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শিক্ষাবিদেরাও বলছেন, শিশুদের সঙ্গে এভাবে ছেলেখেলা করাটা ঠিক হয়নি।
গত মাসে প্রথমে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়, শেষবারের মতো এ বছর পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেবে। কয়েক দিনের মাথায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত গতকাল সোমবার নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে এ বছরও পঞ্চম ও অষ্টম শ্রেণি শেষে আগের মতোই সমাপনী ও জেএসসি পরীক্ষা হবে।
মন্ত্রিসভা বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করে আবার মন্ত্রিসভায় উপস্থাপন করতে বলেছে। মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকালের বৈঠকে প্রায় সোয়া ঘণ্টা ধরে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় জ্যেষ্ঠ মন্ত্রীদের কয়েকজন আকস্মিক অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর নির্ধারণের বিষয়ে আপত্তি তোলেন। তাঁরা বলেন, শিক্ষার স্তর পরিবর্তনের এই সিদ্ধান্ত প্রস্তুতি ছাড়াই নেওয়া হয়েছে।
বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার স্তর নির্ধারণ করা হয়েছে। কিন্তু অবকাঠামোয় কোনো পরিবর্তন আনা হয়নি। আবার পাশের স্কুলে সংযুক্তি দেওয়ার সুযোগও সর্বত্র নেই। এ ছাড়া হাওর-বাঁওড়, চর ও অনগ্রসর এলাকার কথা ভাবা হয়নি। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস করা প্রাথমিকের শিক্ষক কীভাবে সপ্তম বা অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়াবেন, সেসব বিষয় ভাবা হয়নি।
মন্ত্রিসভার বৈঠকে এসব আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক প্রমুখ। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ও মন্ত্রণালয়ের সচিব হু্মায়ূন খালিদ এ সময় প্রশ্নের মুখে পড়েন।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের প্রস্তাব অনুমোদন করেনি মন্ত্রিসভা। এখনকার মতোই প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা চলতে থাকবে। তিনি আরও বলেন, শিক্ষার স্তর পরিবর্তনের এই বিশাল কর্মযজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করে পরে চূড়ান্ত করা হবে।
মন্ত্রিসভার বৈঠকের পর দুটি পরীক্ষা বহাল রাখার পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার স্তর নির্ধারণের বিষয়টিও অনিশ্চিত হয়ে গেল। গত ১৮ মে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় শিক্ষানীতির আলোকে এই স্তর ঠিক করেছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই স্তরের শিক্ষা দেখভাল করবে বলেও সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এই ঘোষণা দিয়েছিলেন।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম একটি শিক্ষানীতি পেয়েছিলাম, যেটি ২০১১ থেকে বাস্তবায়নের কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত দিন পর সেটি বাস্তবায়নের ঘোষণা দিয়ে তা আটকে দেওয়া হলো। তিনি বলেন, পুরো বিষয়টি হতাশাজনক। পরীক্ষা বাতিল করতে পরীক্ষা-নিরীক্ষার কোনো প্রয়োজন ছিল না।’
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী আরও বলেন, ‘আমরা শিশুদের শিক্ষার্থী নয়, পরীক্ষার্থী বানিয়ে ফেলেছি। তাদের আবার জিপিএ-৫-এর ফাঁদের দিকে ঠেলে দিচ্ছি। আর এই পরীক্ষা বহাল থাকায় কোচিং-বাণিজ্য ও সৃজনশীল গাইড-বাণিজ্যওয়ালারা লাভবান হবে।’
গতকালের মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, আলাপ-আলোচনা করেই তাঁরা একটি পরীক্ষার প্রস্তাব দিয়েছিলেন। এখন মন্ত্রিসভায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দুটি পরীক্ষাই থাকবে। এ বছর দুটি পরীক্ষাই হবে।
এর ফলে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হতে কোনো বাধা আছে কি না—জানতে চাইলে মন্ত্রী বলেন, তা হবে কেন, এটা ধাপে ধাপে হবে।
এর আগে গত মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি নিশ্চিত হয়েই বলছি, এ বছর থেকেই পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আর থাকবে না। একেবার অষ্টম শ্রেণি শেষে হবে এই পরীক্ষা।’
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত হবে। এটা করার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে, তা ধাপে ধাপে করা হবে। প্রক্রিয়া মাত্র শুরু হলো।’ তিনি বলেন, ‘পঞ্চম ও অষ্টমে দুটি পরীক্ষা চালুর সিদ্ধান্ত ছিল শিক্ষার্থীদের আকৃষ্ট করা, আত্মবিশ্বাসী করা। হঠাৎ বন্ধ করে দিলে আগ্রহ কমে যাবে। এ জন্য আস্তে আস্তে বিষয়গুলো করা হবে।’
দেশের শিক্ষাবিদেরা শুরু থেকেই এই দুটি পরীক্ষার বিরোধিতা করে আসছেন। তাঁরা বলছেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশাপাশি এই দুটি পরীক্ষা যুক্ত করায় লেখাপড়া পরীক্ষানির্ভর হয়ে গেছে।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলা ও উদ্দেশ্যবিহীন কাণ্ড করা উচিত হয়নি। পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনায় শিশু-কিশোরদের সৃজনশীল আগ্রহ চলে যায়। তাই সৃজনশীলতাকে উৎসাহিত করতে হলে পরীক্ষা কমাতে হবে। এতে কোচিং ও সৃজনশীল গাইডের ওপর তাদের নির্ভরশীলতা কমবে। তিনি মনে করেন, জেএসসি পরীক্ষাও তুলে দেওয়া উচিত। কারণ, সনদ ও মুখস্থনির্ভর লেখাপড়া দিয়ে ডিজিটাল বাংলাদেশের উপযোগী শিক্ষিত নাগরিক তৈরি করা যাবে না।