পঞ্চম দফা নির্বাচনে বিভিন্ন অনিয়ম হয়েছে: ব্রতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী বলেছে, কেন্দ্র দখল, প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের মধ্য দিয়ে গতকাল সোমবার পঞ্চম পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক হারে নিয়োজিত থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন কার্যত নিষ্ক্রিয়।
ব্রতী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এতে বলা হয়, দলীয় সমর্থকদের পেশিশক্তির প্রভাবকে নির্বাচন কমিশন মোকাবিলা করতে পারেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার সদর উপজেলার ভিজে সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরকারি দলের সমর্থিত প্রার্থীর এজেন্টরা অন্য প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে নিজেরা ব্যালট পেপারে সিল মারেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ, ভিজে উচ্চবিদ্যালয় ও চুয়াডাঙ্গা সাহেরা খাতুন গার্লস কলেজ কেন্দ্রগুলো বেলা ১১টার পর সরকারি দল-সমর্থিত প্রার্থীরা দখল করে নেন। টাঙ্গাইলের সদর উপজেলার ১৪ নম্বর শিবপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকা অবস্থায় নরসিংদীর সদর উপজেলার ১৩ নম্বর নরসিংদী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষের লোকজন জাল ভোট দেন এবং কেন্দ্র দখল করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটটি উপজেলায় সংস্থাটির ৭১ জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।