
সাত খুনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি র্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মাদ৷ গতকাল পঞ্চম দফায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে র্যাবের দুই কর্মকর্তা মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে তারেক সাঈদ গুরুত্বপূর্ণ তথ্য দিলেও স্বীকারোক্তি–মূলক জবানবন্দি দিতে রাজি হননি৷ এ কারণে রিমান্ড শেষ হওয়ার পর গতকাল বিকেলে তাঁকে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে হাজির করা হয়৷ এরপর আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যা মামলায় আবার সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
এর আগে চার দফায় তিনি মোট ২৫ দিনের রিমান্ডে ছিলেন। ৫৪ ধারায় গ্রেপ্তারের পর প্রথম দফায় তাঁকে পাঁচ দিন, প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দ্বিতীয় দফায় সাত দিন, একই মামলায় তৃতীয় দফায় আট দিন, আইনজীবী চন্দন সরকারসহ দুজনকে হত্যার মামলায় চতুর্থ দফায় পাঁচ দিন এবং সর্বশেষ গতকাল একই মামলায় পঞ্চম দফায় আরও পাঁচ দিনের রিমােন্ড নেওয়া হলো।
এর আগে সাত খুনের মামলায় র্যাব-১১-এর সাবেক মেজর আরিফ গত বুধবার ও লে. কমান্ডার এম এম রানা গত বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷
আদালত সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে তারেক সাঈদকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ প্রতিবেদনে উল্লেখ করেন, তারেক সাঈদের কাছ থেকে সাত খুনের ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করতে এবং আরও তথ্য সংগ্রহের জন্য আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
আদালতে এসআই আশরাফ তাঁর বক্তব্যে বলেন, আসামি তারেক সাঈদের নেতৃত্বে কীভাবে অপহৃতদের নরসিংদীতে নিয়ে যাওয়া হয়, আবার কাঁচপুর সেতুর নিচে আনা হয়, কীভাবে অচেতন করে হত্যা ও লাশ গুম করা হয়, সব ঘটনা তদন্তে বের হয়েছে। নূর হোসেনের অবৈধ ব্যবসার সঙ্গে তারেকের সম্পর্ক ছিল। অর্থ লেনদেন সম্পর্কে তারেক সাঈদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। এখন আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে দুই আসামির দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি যাচাই-বাছাই করা যাবে এবং অন্য আসামিদের নাম-ঠিকানা জানা যাবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন খান, আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফজলুর রহমান ও হাসান ফেরদৌস জুয়েল শুনানিতে অংশ নেন৷
নিহত ব্যক্তির পরিবারের সাক্ষ্য: গতকাল সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র রেস্টহাউসে র্যাবের গঠিত তদন্ত কমিটি নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের সাক্ষ্য নিয়েছে। নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম, বন্ধু ইদ্রিস আলী, নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যানের বেয়াই আমান উল্লাহ, ইলাহী সরকারসহ পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয় বলে জানা গেছে৷ রোববার সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের মাধ্যমে এঁদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছিল।