পঞ্চম ধাপে ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৭২০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম দফা নির্বাচনে আজ শনিবার সকাল আটটার দিকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।

পঞ্চম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার প্রায় ১ কোটি ১০ লাখ।

সকাল আটটা থেকে নয়টার মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজির আলী উচ্চ বিদ্যালয় ও ভবেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠু ভোট হবে বলে আশা করছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সাদবপুর ইউনিয়ন ও কেশবপুরের কয়েকটি ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারি মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রায় সাড়ে তিন মাসে প্রতিদিনই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, নির্বাচনী সহিংসতায় গতকাল শুক্রবার পর্যন্ত কমপক্ষে ৮২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি।

আগের চার ধাপের তুলনায় এবার সুন্দর ভোটের প্রত্যাশা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সুষ্ঠু ভোটের সম্ভাবনা তারা দেখছে না।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পাল্টা অভিযোগে বলেছে, বিএনপি এ ভোটকে ‘বিতর্কিত’ করতে ‘ষড়যন্ত্র’ করে আসছে।

এর আগে ২২,৩১ মার্চ, ২৩ এপ্রিল ও ৭ মে বিক্ষিপ্ত গোলযোগ আর অনিয়মের অভিযোগের মধ্যে চারটি ধাপের ভোট হয়। আজকের পর আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে প্রায় দেড় হাজার ইউপিতে ভোটের মধ্য দিয়ে এবারের ইউপি নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির।