পঞ্চম ধাপে ৭৪ উপজেলায় নির্বাচন হবে ৩১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে ৩৫ জেলার ৭৪টি উপজেলায় আগামী ৩১ মার্চ সোমবার ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ রোববার। মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ বুধবার। ভোট গ্রহণ ৩১ মার্চ।
প্রথম ধাপে ৪০ জেলার ৯৭টি উপজেলায় গত বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
ধামরাই উপজেলা নির্বাচনের তফসিল: নির্বাচন কমিশন গতকাল ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনেরও তফসিল ঘোষণা করে। সংবাদ সম্মেলনে সিইসি বলেন, স্থানীয় সরকার থেকে প্রাথমিকভাবে যে তথ্য দেওয়া হয়েছিল সে অনুযায়ী ধামরাইয়ের পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল সেপ্টেম্বর মাসে। তবে পরে দেখা যায়, আসলে পাঁচ বছর হবে মার্চে। তাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হচ্ছে।
ধামরাই উপজেলা পরিষদের নির্বাচন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের সঙ্গে সংযোজিত হবে। ফলে চতুর্থ ধাপে নির্বাচন হবে ৯২টির পরিবর্তে ৯৩টি উপজেলায়। ধামরাই উপজেলায় ভোট গ্রহণ হবে ২৩ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২৬ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশনের কাছে সব নির্বাচনই গুরুত্বপূর্ণ। প্রতিবারই নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়, তার নির্দেশ দেওয়া হয়। কঠোরভাবে নির্দেশ পালন করতে বলা হয়। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়। আপনারা যদি বলেন নির্বাচন ভালো হয়েছে, তবে আমরা উৎসাহ পাই। কেননা, আমাদের কাজটা অনেক ডিফিকাল্ট।’