পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা
পঞ্চম ধাপে ৭৪টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয়ের মিডিয়া সেন্টারে সিইসি সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।
পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ রোববার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ মার্চ বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ বুধবার। ভোট গ্রহণের তারিখ ৩১ মার্চ সোমবার।
ধামরাই উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা
আজকের সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের পাশাপাশি ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যানের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এটি চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের সঙ্গে সংযোজিত হবে। এ নিয়ে চতুর্থ উপজেলা নির্বাচনে উপজেলার সংখ্যা ৯২টির পরিবর্তে ৯৩টিতে পৌঁছাল।
ধামরাই উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার।
রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৬ ফেব্রুয়ারি বুধবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ বৃহস্পতিবার। ভোট গ্রহণের তারিখ ২৩ মার্চ রোববার।
গতকাল অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, এখনো বেশ কিছু উপজেলার ভোটের হিসাব নির্বাচন কমিশনের হাতে এসে পৌঁছায়নি। তবে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে ‘আনঅফিশিয়ালি’ জানান সিইসি।
সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, দলমত-নির্বিশেষে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার, সবই করা হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়। আপনারা যদি বলেন নির্বাচন ভালো হয়েছে, তবে আমরা উত্সাহ পাই।’