পঞ্চম ধাপের ভোটে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিন গত ২৮ মে পাবনার ঈশ্বরদীর সাহাপুরের বাবুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতায় আহত সিরাজুল ইসলাম ওরফে কালু শাহ (৪০) মারা গেছেন। আজ শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সিরাজুল সাহাপুরের বাবুলচরা সেন্টারপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তাঁর স্ত্রী ও দুই ছেলে, দুই মেয়ে রয়েছে। সিরাজুলের চাচা ইয়ারুল শাহ মুঠোফোনে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলমত হায়দার ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, সাহাপুরের বাবুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল করিম ও আবুল হাশেম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৭ জন আহত হয়। গুরুতর আহত সিরাজুলকে ওই দিন বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
ওসি বিমান কুমার দাশ বলেন, নির্বাচনের দিন সংঘর্ষ, মারামারি ও ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে বাবুলচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর থেকে ভোট স্থগিত রাখা হয়। এ ঘটনায় প্রার্থী আবদুল করিম ও আবুল হাশেমের পক্ষে ঈশ্বরদী থানায় পৃথক মামলা করা হয়েছে।