পঞ্চম ব্র্যান্ডউইটজ প্রতিযোগিতা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ ২০১৩’ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বাস্তব জীবনে ব্র্যান্ডিং এবং বিপণনের ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিযোগিতার আয়োজকেরা। এবার এ প্রতিযোগিতার পঞ্চম আসর। দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ৪৮টি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের কমিউনিকেশন ক্লাব (আইবিএসিসি) এর আয়োজক। প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন। প্রতিযোগিতার বিভিন্ন কর্মসূচির মধ্যে আছে রোড শো, কর্মশালা ও প্রধান প্রতিযোগিতা। প্রধান প্রতিযোগিতার মধ্যে আছে কেস রাউন্ড, প্রোডাক্ট ব্র্যান্ডিং, ভাইরাল রাউন্ড ও চূড়ান্ত প্রতিযোগিতা। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আইবিএসিসির সভাপতি রেজা আহমেদ প্রতিযোগিতার এসব দিক তুলে ধরেন। এ আয়োজনে সহযোগিতা করছে বোম্বে সুইটস লিমিটেড। প্রথম আলো এ প্রতিযোগিতার মিডিয়া সহযোগী। আর প্রথম আলো জবস প্রতিযোগিতাটির ক্যারিয়ার সহযোগী। সংবাদ সম্মেলনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম আশা প্রকাশ করে বলেন, এ প্রতিযোগিতায় মেধা, উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা, দক্ষতা এবং সততার মতো বিষয়গুলো বিকশিত হওয়ার সুযোগ ঘটবে। দেশীয় প্রতিষ্ঠানগুলোর পণ্যের ব্র্যান্ড রক্ষা করার প্রধান উপায় হলো মান অটুট রাখা—এ মন্তব্য করেন বোম্বে সুইটসের বিপণন প্রধান দেবীদাস ঘোষাল। এ প্রতিযোগিতা দেশীয় ব্র্যান্ড রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।