
শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়া গ্রাম থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ বলেছে, পরিবার বিয়ের জন্য চাপ দেওয়ায় মেয়েটি সম্ভবত আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, সে হৃদ্রোগে মারা গেছে। মেয়েটির নাম সাবিনা আক্তার (১৪)। সে স্থানীয় রুদ্রকর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছিল। গত সোমবার দুপুরে বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাবিনা সদর উপজেলার চরলক্ষ্মী নারায়ণ গ্রামের বাসিন্দা সুলতান খাঁর মেয়ে। তবে সুলতান খাঁ চার বছর ধরে সপরিবার শ্বশুরবাড়ি মধ্যপাড়া গ্রামে বসবাস করেন।
পুলিশ ও গ্রামবাসীর ভাষ্যমতে, গত রোববার প্রাথমিক সমাপনীর শেষ বিষয়ের পরীক্ষা দিয়ে দুপুরে বাড়ি ফিরে সাবিনা দেখে পাশের গ্রামের রহিমা বেগম নামে এক ঘটক উপস্থিত। মা রুমা বেগম ও বাবা সুলতান খাঁ জানান, তার বিয়ে ঠিক করা হয়েছে। কয়েক দিন পর অনুষ্ঠান হবে। কিন্তু বিয়ে না করতে বেঁকে বসে সাবিনা। এতে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান পরিবারের সদস্যরা।
পুলিশ ও গ্রামবাসী আরও বলেছে, এরপর সোমবার সকালে পরিবারের সদস্যরা গ্রামবাসীকে বলেন, হৃদ্রোগে সাবিনা মারা গেছে। লাশ দাফনের উদ্যোগ নেওয়ার মধ্যে শরীয়তপুর সদরের পালং মডেল থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।
সাবিনাদের বাড়ির কাছেই থাকেন তার দূর সম্পর্কের মামা নজরুল ইসলাম। তিনি বলেন, ‘হঠাৎ করে সাবিনার বিয়ে ঠিক করার কথা শুনেছি। সে বিয়েতে রাজি ছিল না। এ কারণে তার বাবা-মা তাকে মারধর করে। সোমবার সকালে তারা জানায়, সাবিনা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’
এদিকে সোমবার সকালে পুলিশ সাবিনাদের বাড়িতে যাওয়ার পর তার নানি মাকসুদা বেগম ও ঘটক রহিমা বেগমকে আটক করে। তখন বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান বাবা, মা ও ভাই সাব্বির খাঁ। গতকাল জিজ্ঞাসাবাদ শেষে আটক দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মেয়েটি বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের সদস্যরা চাপ সৃষ্টি করেন। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। রশিতে ঝুলে আত্মহত্যা করলে গলায় যে ধরনের চিহ্ন থাকে, তার গলায়ও তেমন চিহ্ন আছে। তবে ময়নাতদন্তর প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মেয়েটির নানি বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন।
জানতে চাইলে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। তার গলায় একটি দাগ ও শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ রয়েছে। রাসায়নিক পরীক্ষার জন্য যকৃৎ, কিডনি ও পাকস্থলী সংরক্ষণ করা হয়েছে।