ভর্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রশ্ন ‘কঠিন’ হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। চট্টগ্রামের নয়টি সরকারি বিদ্যালয়ে গতকাল শনিবার ২০১৫ শিক্ষাবর্ষের পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা শেষে অভিভাবকেরা অভিযোগ করেছেন, পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং গণিতের বেশ কয়েকটি প্রশ্ন ছিল পাঠ্যপুস্তকের বাইরের। এসব প্রশ্ন পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী। পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয় চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তক অনুযায়ী। তবে অষ্টম শ্রেণির প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. দৌলতুজ্জমান খান প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের অভিযোগ শুনেছি। এসব বিষয় বিবেচনা করে গণিতসহ অন্যান্য উত্তরপত্র নিরীক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষকদের।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১০টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে পৃথকভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হয়। মোট ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিতে ৪০ নম্বরের উত্তর দিতে হয়। পরীক্ষার সময় দুই ঘণ্টা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চম এবং বেলা একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে কয়েকজন শিক্ষক ও অভিভাবক জানান, পঞ্চম শ্রেণির বাংলার পাঁচ নম্বর প্রশ্নের এক কথায় প্রকাশ অংশের চারটির মধ্যে তিনটি এবং সাত নম্বর প্রশ্নের ছয়টি বিপরীত শব্দের মধ্যে তিনটিই চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ের বাইরে থেকে দেওয়া হয়েছে। ইংরেজি বিষয়ের ছয় নম্বর প্রশ্নের পাঁচটি বাক্যের অনুবাদও চতুর্থ শ্রেণির মান উপযোগী ছিল না বলে তাঁরা অভিযোগ করেছেন। গণিতের সাত নম্বর প্রশ্নের সমতুল ভগ্নাংশ, নয় এবং ১১ নম্বর প্রশ্নে যথাক্রমে দশমিকের গুণ ও বর্গমূল নির্ণয় ছিল পঞ্চম এবং সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের।
এ বিষয়ে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মহাসচিব মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির প্রশ্নপত্রে বাংলা, ইংরেজি এবং গণিতের প্রশ্ন শিক্ষার্থীদের উপযোগী ছিল না। এগুলো ওপরের ক্লাসের পাঠ্যবই থেকে তুলে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাইদুল হক নামে একজন অভিভাবক বলেন, ক্লাস ফোরের মান অনুযায়ী প্রশ্ন করার নিয়ম থাকলেও প্রশ্ন তুলে দেওয়া হয়েছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণির বই থেকে। তিনি বলেন, তাঁর মেয়ে বলেছে এ ধরনের অঙ্ক ক্লাসে করানো হয়নি। ইংরেজি অনুবাদগুলোও কঠিন হয়েছে।
পরীক্ষা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফল ঘোষণার প্রস্তুতি নিয়ে গতকাল বিকেল থেকেই উত্তরপত্র নিরীক্ষণের কাজ শুরু হয়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই ফলাফল ঘোষণা করব। শনিবার রাতের মধ্যে ফল তৈরি করা সম্ভব হবে না। কারণ, এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। রোববার বিকেল নাগাদ আমরা পুরো ফলাফল ঘোষণা করতে পারব আশা করছি।’
২০১৫ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে এক হাজার ৯৬০ আসনের বিপরীতে নয় হাজার ৩৪৬ জন এবং অষ্টম শ্রেণিতে ১২৯ আসনের বিপরীতে ১ হাজার ২১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে সম্মিলিত মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্ধারিত বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।