পঞ্চম শ্রেণীপড়ুয়া মেয়েটির বিয়ে আজ
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর আজ সোমবার রাতে বিয়ে। মেয়ের অভিভাবকেরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রীর বিদ্যালয়ে ভর্তির নিবন্ধন অনুযায়ী বয়স ১৫ বছর।
এলাকাবাসী জানান, অভিভাকেরা বিয়ে দেওয়ার উদ্দেশ্যে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। আজ রাতে তার বিয়ে দিচ্ছেন। একই উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের সুনীল কুমার রায়ের ছেলে কাঠমিস্ত্রি তড়িৎ কুমার রায়ের (২২) সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে।
মুঠোফোনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘আমি বাল্যবিবাহের কথা শুনে মেয়েটির বাড়িতে একাধিকবার গিয়েছি। চৌকিদার, মেম্বরদের দিয়েও নিষেধ করিয়েছি। এরপর বরযাত্রী এলে আমি আইনানুগ ব্যবস্থা নেব।’
মেয়েটিও জানায়, সে লেখাপড়া করতে চায়। সামনে তার সমাপনী পরীক্ষা। এখন সে বিয়ে করতে চায় না।