পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা-সংক্রান্ত আপিল বিভাগের দেওয়া রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়েছে। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, দুটি বিষয়ে আবেদন করা হয়েছে। দেশের ক্রান্তিকাল নিয়ে সংবিধানের ১৫০ অনুচ্ছেদ ও সামরিক শাসকদের কিছু কাজ মার্জনা-সংক্রান্ত অংশ সংশোধনের জন্য আবেদন করা হয়েছে। তিনি বলেন, সংবিধান প্রণয়নের পূর্ববর্তী সময়ের জন্য দেশের প্রয়োজনে ক্রান্তিকালীন বিধান কার্যকর-সংক্রান্ত ১৫০ অনুচ্ছেদের বৈধতা দেওয়া হয়। তবে সংবিধান প্রণয়নের পর ক্রান্তিকালের অজুহাতে করা মার্জনা বা অবৈধ কর্মকাণ্ডের বৈধতা হাইকোর্টের রায়ে দেওয়া হয়নি। আপিল বিভাগ সংবিধানের ১৫০ অনুচ্ছেদ সম্পর্কে হাইকোর্টের পর্যবেক্ষণ বাদ দিয়ে রায় দিয়েছেন। আমরা এ ক্ষেত্রে আপিল বিভাগের রায়ের চেয়ে হাইকোর্টের রায় শ্রেয় মনে করি। তিনি আরও বলেন, আপিল বিভাগের রায়ে সামরিক শাসনামলের কার্যক্রম অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়। তবে অতীতের সামরিক শাসনের অনেক কাজ সম্পন্ন হয়ে গেছে বলে (পাস্ট অ্যান্ড ক্লোজ) মার্জনা করা হয়েছে। এসব অংশ প্রত্যাহার চাওয়া হয়েছে।