পঞ্চম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় এখতিয়ারবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপিল বিভাগের সিদ্ধান্তে সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছিল। এর পরও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলায় হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা এখতিয়ারবহির্ভূত।’ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের করা লিভ টু আপিলের শুনানিতে গতকাল মঙ্গলবার তাঁর আইনজীবী টি এইচ খান এ কথা বলেন।প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ লিভ টু আপিলের শুনানি গ্রহণ করেন। আগামীকাল আবার এ বিষয়ে শুনানি হবে।গতকাল সকাল সাড়ে নয়টায় শুনানির শুরুতে মামলার পেপারবুক থেকে উল্লেখযোগ্য অংশ পড়া শুরু করেন দেলোয়ারের আইনজীবী টি এইচ খান। তিনি সামরিক শাসনসংক্রান্ত আইন, আদেশ-ফরমান নিয়ে বিভিন্ন মামলার নজির ও সিদ্ধান্ত তুলে ধরেন।পঞ্চম সংশোধনী মামলার প্রেক্ষাপট তুলে ধরে টি এইচ খান বলেন, ১৯৭২ সালে ওয়াইজঘাটের মুন সিনেমা হলকে পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়। এ সম্পত্তির মালিকানা নিয়ে রিটটি দায়ের করা হয়। পঞ্চম সংশোধনী বিষয় ছিল না। এ নিয়ে তিনবার রিট করা হয়েছে, হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছিলেন। এরপর ২০০০ সালের ১১ ডিসেম্বর মালিকানা নিয়ে রিট দায়ের করা হয়েছিল। প্রজ্ঞাপন জারির ২০-২৫ বছর পর বিলম্বের কারণে রিট চলতে পারে না।১৯৮০ সালে নাসিরউদ্দিন বনাম বাংলাদেশ মামলার নজির তুলে ধরে টি এইচ খান বলেন, ওই মামলায় সুপ্রিম কোর্টের রায়ে মার্শাল ল’কে হালাল বলা হয়েছে। তিনি বলেন, নির্বাচিত সংসদ ওই সময় পঞ্চম সংশোধনী অনুমোদন করেছে। হাইকোর্ট তা বাতিল করে দিতে পারেন না, বাদ দেওয়ার ক্ষমতা সংসদের।আদালত জানতে চান, পরীক্ষা-নিরীক্ষা করতে পারে না? টি এইচ খান বলেন, এ নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা একমাত্র সংসদের। পাল্টা প্রশ্ন ছুড়ে তিনি বলেন, হাইকোর্টকে কোথায় এ ক্ষমতা দেওয়া আছে? সংবিধানের ১০২ অনুচ্ছেদে হাইকোর্টকে এ ক্ষমতা দেওয়া হয়নি। এই অনুচ্ছেদ দিয়ে চাঁদে যাওয়া যায় না।টি এইচ খান বলেন, পঞ্চম সংশোধনী আইন। হাইকোর্টের রায়ে এই সংশোধনীকে উদ্দেশ্যপ্রণোদিত বলা হয়েছে। যে বিষয় দেখার এখতিয়ারই আদালতের নেই, সে বিষয়কে আদালত কীভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেন।