পঞ্চম সংশোধনী বাতিলের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা বলেছেন, উচ্চতর আদালত পঞ্চম সংশোধনী বাতিলের রায় দেওয়ার পর বাহাত্তরের আদি সংবিধানে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। রায়ের পর সরকারের উচিত ছিল বিলম্ব না করে তা কার্যকর করা। কিন্তু সরকার এটি নিয়ে গড়িমসি করছে।গতকাল শুক্রবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে নির্মূল কমিটি আয়োজিত ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তা এবং জামায়াতের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। তাঁরা আরও বলেন, সংবিধানে অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বানানো হয়েছে। অন্য কেউ রিট আবেদন না করে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটি সংবিধানের অষ্টম সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করবে।আলোচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চের আহ্বায়ক ও লেখক শাহরিয়ার কবির বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায়ে জামায়াত আতঙ্কিত। তাই আবোলতাবোল বকছে। শাহরিয়ার কবির আরও বলেন, রায়ের পর সরকার এখনো জামায়াতে ইসলামী ও এ জাতীয় দলগুলোকে নিষিদ্ধ করেনি। অনুষ্ঠানের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম থাক, তা পাগল ছাড়া কেউ বলবে না।’ তিনি আরও বলেন, উচ্চ আদালতের রায়ের পর সরকারের উচিত সংবিধানের সংস্করণ ছাপানো। এটা না করলে আদালত অবমাননা হয়ে যাবে।আলোচনা সভার প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, আদালতের রায়ের মধ্য দিয়ে আদি সংবিধান প্রতিস্থাপিত হয়েছে। তার পরও জাতীয় সংসদ এতে সংশোধন করতে পারবে। সে জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির কাছে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য আদিবাসীদের পক্ষ থেকে একটি খসড়া দেওয়া হয়েছে।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান পুরোহিত প্রদীপ কুমার চক্রবর্তী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েবে আমির মীর মোবাশ্বের আলী এবং হটলাইন হিউম্যান রাইটস বাংলাদেশের সমন্বয়কারী রোজলিন কস্তা। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।