জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি এ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বিকেলে অনুষ্ঠিত এ সিন্ডিকেট সভায় জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় সাত দফা দাবি আদায়ে শিক্ষক সমাজের গৃহীত কর্মসূচি ও সমাবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে আন্দোলনরত শিক্ষকদের গৃহীত কর্মসূচির কারণে সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে না হওয়ার আশঙ্কায় তা স্থগিত করার সিদ্ধান্ত হয়।সভা শেষে সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক গতকালপ্রথম আলোকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হবে।উল্লেখ্য, শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা জুবায়ের হত্যাকাণ্ডের ঘটনায় সাত দফা দাবিতে ছয় দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। প্রথম দিনে গতকাল তাঁরা গণসংযোগ কর্মসূচি পালন করেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে তাঁদের ধর্মঘট, কালো পতাকা মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করার কথা।