চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আংশিক জেরা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত আজ বুধবার আসামিকে জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী জানান, পঞ্চম সাক্ষী এখতিয়ার উদ্দিনের সাক্ষ্য নেওয়া শেষ হলে আসামি জাহিদুল ইসলাম শাওনের আইনজীবী তাঁকে জেরা শুরু করেন। সাক্ষ্যে এখতিয়ার উদ্দিন আদালতকে বলেন, নগরের পাঁচলাইশ মক্কী মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে পাশে শাহ সেলিম টিপুর বাসার সামনে লোকজনের শোরগোল শুনতে পান। দৌঁড়ে গিয়ে দেখেন হিমাদ্রী মজুমদার অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাঁকে দ্রুত প্রথমে নগরের হলি হেলথ ক্লিনিকে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হিমাদ্রী ঘটনার বর্ণনা করে যে জবানবন্দি দেন তা মুঠোফোনে সংরক্ষণ করেন তাঁর বন্ধুরা। ওই সময় উপস্থিত ছিলেন তিনি।
২০১২ সালের ২৭ এপ্রিল হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন পর ২৩ মে তিনি মারা যান।