পঞ্চম সাক্ষীর জেরা শেষ, সাক্ষ্য দিলেন আরেকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যা মামলার পঞ্চম সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল আবদুল মুকিম সরকারকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা গতকাল সোমবার শেষ হয়েছে। এরপর সাক্ষ্য দেন বর্ডার গার্ড সিকিউরিটি ইউনিটের কর্মকর্তা মেজর আর এম এম আসাদ-উদ-দৌলা।রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে নির্মিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী আদালতে এ মামলার বিচারকাজ চলছে। গতকাল আদালতের কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে নয়টায়। ৪৫ মিনিটের মধ্যাহ্ন বিরতি দিয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আদালতের কার্যক্রম চলে। পরে ভারপ্রাপ্ত দায়রা জজ আখতারুজ্জামান ২৩ নভেম্বর পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।মামলার অন্যতম আসামি বিলুপ্ত বিডিআরের উপসহকারী পরিচালক (ডিএডি) মির্জা হাবিবুর রহমান আদালতের অনুমতি নিয়ে নিজেই সাক্ষী আবদুল মুকিমকে জেরা করেন। আসামিপক্ষের কয়েকজন আইনজীবীও তাঁকে জেরা করেন।মির্জা হাবিবুর জেরাকালে প্রশ্ন করেন, ডাল-ভাত কর্মসূচির লভ্যাংশের টাকা দিয়ে কেন সরকারের দেনা শোধ করতে হবে? জবাবে সাক্ষী বলেন, তা তিনি জানেন না।আইনজীবীদের জেরার জবাবে লে. কর্নেল মুকিম আদালতকে জানান, ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে তিনি পঞ্চগড়ে কর্মরত ছিলেন। রাইফেলস সপ্তাহের অনুষ্ঠানে অংশ নিতে তিনি ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকায় আসেন। ১৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন তিনি দাপ্তরিক কাজে পিলখানায় যান। এ সময় আইনজীবীরা বলেন, বিদ্রোহের ষড়যন্ত্র করার জন্যই তিনি প্রতিদিন পিলখানায় গিয়েছিলেন। জবাবে সাক্ষী বলেন, ‘এসব আপনাদের বানানো কথা।’ বিদ্রোহীদের সঙ্গে যোগসাজশ ছিল—আইনজীবীদের এ অভিযোগের জবাবে তিনি বলেন, এটি সত্য নয়। অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে বিদ্রোহীরা ওই বিবৃতি লিখে নিয়েছিল বলে তিনি তাঁর কর্তৃপক্ষ ও আদালতকে জানিয়েছেন।গত ২৪ আগস্ট এ মামলার সাক্ষ্য ও জেরা শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার সাবেক ওসি নবজ্যোতি খীসা।