পঞ্চমবারের মতো পেছাল লিমনের অব্যাহতি আবেদনের শুনানি
পঞ্চম তারিখেও সরকারি কাজে বাধাদানের মামলা থেকে অব্যাহতি পাননি র্যাবের গুলিতে পঙ্গু কলেজছাত্র লিমন হোসেন। গতকাল মঙ্গলবার দুপুরে এই মামলার নির্ধারিত তারিখে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের পদ শূন্য থাকায় অব্যাহতি আবেদনের শুনানি হয়নি।
আগামী ৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান। এর আগেই আদালত এই মামলায় লিমনকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ায় গতকাল তিনি আদালতে উপস্থিত হননি।
লিমনের আইনজীবী মানিক আচার্য্য জানান, ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে পা হারান ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন। এ ঘটনার পর বরিশালে র্যাব-৮-এর তত্কালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুত্ফর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করেন।
এ বছরের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে তাঁকে অব্যাহতির আদেশ দেন।
এতে প্রায় আড়াই বছর পর অস্ত্র মামলার দায় থেকে অব্যাহতি পেলেও সরকারি কাজে বাধাদানের মামলা থেকে আজও অব্যাহতি পাননি লিমন।