পঞ্চমী তিথির সরস্বতী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এ দিনে সরস্বতী পূজা হয়। মন্দিরে, বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বজনীনভাবে পূজার আয়োজন করা হয়। সরস্বতী জ্ঞানের দেবী।এই দিনে কোনো পড়াশোনা করা নিষেধ। কারণ এই দিন বিদ্যা অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করার দিন, বিদ্যা অর্জনের মূল শক্তিকে উপলব্ধি করার দিন। এ কারণেই সব বিদ্যায়তন—স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাণী অর্চনা করা হয়। দোয়াত, কলম, পুস্তক, বাদ্যযন্ত্র অর্থাৎ যত রকমের বিদ্যাচর্চা, সেই বিদ্যা লাভের জন্যই বর প্রার্থনা করা হয় বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর কাছে।পলাশ ফুল সরস্বতী পূজায় ব্যবহূত হয়। এ সময় শীতের শেষে, বসন্ত আগমনের আগে পলাশ ফুলে ভরে যায় গাছ। পলাশ ফুলের গন্ধ নেই। এই গন্ধহীন ফুল পূজায় নিবেদন করার উদ্দেশ্য হলো, ভোগবাসনার আসক্তি মনে না এনে শুদ্ধ অন্তরে দেবীর বন্দনা করতে হয়। শুদ্ধ অন্তরযুক্ত হতে হলে সংযম প্রয়োজন, আর এ সংযমে একাগ্রতা ও মেধার বিকাশ হয়। এরপর পুষ্পাঞ্জলি ও স্তব-স্তুতির মাধ্যমে দেবীর সন্তুষ্টি কামনা করা হয়। বিদ্যা লাভের জন্য কৃপা প্রার্থনা করা হয়।আমাদের বাগ্যন্ত্রে কথা বলার যে শক্তি, সে শক্তি সরস্বতীর একটি রূপ। বাক্য বা ভাষা হলো জ্ঞান প্রকাশের এক মাধ্যম। এ জন্য সরস্বতীকে প্রার্থনা জানানো হয়, যেন তিনি আমাদের জিহ্বাতে বসেন। কণ্ঠেই আমাদের সংগীতের মধুরতা প্রকাশ পায়। দেবী সরস্বতী ঈশ্বরেরই জ্ঞানরূপ শক্তি। তা পরে ইচ্ছা ও ক্রিয়াশক্তি রূপে প্রকাশ পায়। আমাদের মেধা রূপে এই সরস্বতী দেবীই আমাদের অন্তরে প্রেরণা জোগান। দেবী সরস্বতীর প্রতিমা তৈরিতে উপনিষদ-প্রতিপাদ্য মন্ত্র অনুসরণ করা হয়। কোথাও দেবী চার হস্তবিশিষ্ট, কোথাও দুই হাতের। দেবী শ্বেতপক্ষে আসীনা, বস্ত্রটি তাঁর শ্বেতবর্ণ, তাঁর হাতে সাদা রুদ্রাক্ষের মালা, তিনি দুই হাতে শ্বেতবীণা বাজাচ্ছেন। সত্ত্বগুণকে সাদা রং দিয়ে প্রকাশ করা হয়। সরস্বতী পূজা আমাদের অন্তর সত্ত্বগুণে পূর্ণ করার এক সাধনা, তাই দেবীর বাহন সাদা হাঁস। সরস্বতী পূজায় আমের মুকুল নিবেদন করার উদ্দেশ্য হলো, সদ্য প্রাণের বিকাশ নবকিশলয়ে, মুকুলে ধরা পড়ে; তেমনই মেধার বিকাশে উদ্ভাবনী শক্তিও বিকাশ লাভ করে।ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও এ দেবীর স্তুতি করেন। অজ্ঞানতা থেকেই ভয় হয়। জ্ঞানলাভ হলে মানুষ অভয় হয়। ব্রহ্মজ্ঞানে মৃত্যুভয়সহ সব ভয় দূর হয়। ব্রহ্মজ্ঞান লাভের জন্য ঋষিরা সরস্বতীর স্তব করেছেন।আমরা সবাই প্রতিদিন বিদ্যাদেবীর বন্দনা করে, বিশেষ করে মাঘ মাসের এই দিনে হূদয়ের শ্রদ্ধা নিবেদন করে জ্ঞান লাভের উপযুক্ততা লাভ করে ধন্য হব—এই আমাদের প্রার্থনা।