চট্টগ্রামের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ
পঞ্চমে পাঁচজনে, অষ্টমে ১০ জনে, একজন সুযোগ পাবে
চট্টগ্রাম নগরের নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা আজ। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চম এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে।
ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২০১৫ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে ১ হাজার ৯৬০ আসনের বিপরীতে ৯ হাজার ৩৪৬টি এবং অষ্টম শ্রেণিতে ১২৯ আসনের বিপরীতে ১ হাজার ২১০টি আবেদন জমা পড়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় নয়টি সরকারি স্কুলের পাশাপাশি খাস্তগীর স্কুলের পাশের শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটেও কিছু শিক্ষার্থীর আসন পড়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, পঞ্চম শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে লড়ছে গড়ে প্রায় পাঁচজন শিক্ষার্থী। অষ্টম শ্রেণিতে প্রতিযোগিতা বেশ কঠিন। গড়ে প্রায় প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে একজন ভর্তি হওয়ার সুযোগ পাবে।
পরীক্ষা শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে দৈনিক পত্রিকা, ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সম্মিলিত মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী নির্ধারিত বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. দৌলতুজ্জমান খান প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুটি পরীক্ষা শেষে পরীক্ষার উত্তরপত্র নিরীক্ষণ করে রাতের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। পরদিন পত্রিকা, জেলা প্রশাসনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ডের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফল সবাই জানতে পারবে।
চট্টগ্রামের নয়টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।