পঞ্চাশোর্ধ্ব নারীদের গ্লকোমা আক্রান্তের ঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ৬ মার্চ থেকে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্লকোমা সোসাইটি। এর অংশ হিসেবে আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে জিনডিয়ান হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম
বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ৬ মার্চ থেকে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ গ্লকোমা সোসাইটি। এর অংশ হিসেবে আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে জিনডিয়ান হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি: জাহিদুল করিম

পঞ্চাশোর্ধ্ব নারীদের গ্লকোমা আক্রান্তের ঝুঁকি বেশি। এই বয়সের নারীরা পুরুষের তুলনায় গ্লকোমা বেশি আক্রান্ত হন। এই রোগ হলে রোগী অজান্তেই অকাল অন্ধত্বের শিকার হন।
বিশ্ব গ্লকোমা সপ্তাহের শেষ দিনে আজ শনিবার বাংলাদেশ গ্লকোমা সোসাইটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সকালে সোসাইটির কার্যালয় ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এবারের সপ্তাহের প্রতিপাদ্য ‘গ্লকোমা অন্ধত্ব থেকে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান’।
আলোচনা সভায় বক্তারা বলেন, গ্লকোমা নীরব অন্ধত্বের কারণ। এই রাগে ধীরে ধীরে দৃষ্টি শক্তি কমে যায়। মানুষের সচেতনতা গ্লকোমা নিয়ন্ত্রণে রাখতে পারে। আক্রান্ত ব্যক্তির রোগ দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করা গেলে রোগী মোটামুটি স্বাভাবিক জীবন নিয়ে চলতে পারেন। তাঁরা এই রোগ বিষয়ে সচেতনতা তৈরির জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক মো. আরিফ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, এ এইচ এম এনায়েত হোসেন, অধ্যাপক শেখ এম এ মান্নাফ, অধ্যাপক এম নজরুল ইসলাম, সোসাইটির মহাসচিব জাকিয়া সুলতানা সহিদ প্রমুখ বক্তব্য দেন।