পঞ্চাশোর্ধ্ব নারীদের গ্লকোমা আক্রান্তের ঝুঁকি বেশি
পঞ্চাশোর্ধ্ব নারীদের গ্লকোমা আক্রান্তের ঝুঁকি বেশি। এই বয়সের নারীরা পুরুষের তুলনায় গ্লকোমায় বেশি আক্রান্ত হন। এই রোগ হলে রোগী অজান্তেই অকাল অন্ধত্বের শিকার হন।
বিশ্ব গ্লকোমা সপ্তাহের শেষ দিনে গতকাল শনিবার বাংলাদেশ গ্লকোমা সোসাইটি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সোসাইটির কার্যালয় ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশনে এই সভার কথা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এবারের প্রতিপাদ্য ‘গ্লকোমা অন্ধত্ব থেকে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান’।
বক্তারা বলেন, গ্লকোমা নীরব অন্ধত্বের কারণ। এই রোগে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে। মানুষের সচেতনতা গ্লকোমা নিয়ন্ত্রণে রাখতে পারে। আক্রান্ত ব্যক্তির রোগ দ্রুত সময়ে নির্ধারণ করা গেলে রোগী মোটামুটি স্বাভাবিক থাকতে পারেন। এ রোগ নিয়ে সচেতনতা তৈরিতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক মো. আরিফ মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, এ এইচ এম এনায়েত হোসেন, অধ্যাপক শেখ এম এ মান্নাফ, অধ্যাপক এম নজরুল ইসলাম, সোসাইটির মহাসচিব জাকিয়া সুলতানা সহিদ প্রমুখ বক্তব্য দেন।