পঞ্চায়েত টিকে আছে মাত্র দুটি স্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটক বা ‘মোতাসার’-এর মাধ্যমে মেয়ের বিয়ের কথা পাকা হলো। এই ‘বাত পাক্কা’ অনুষ্ঠানে খাবারের পদ কিন্তু নির্ধারিত; মোরগ-পোলাও। আর বিয়ের দাওয়াত বা ‘নেওতা’ দেওয়ার কায়দাও বিশেষ। চকচকে কাগজে গোটা কয়েক লবঙ্গ মুড়িয়ে বাড়ি বাড়ি বিলিয়ে আসা হতো, সঙ্গে মুখে বলা হতো বিয়ের দিন-তারিখ।
পুরান ঢাকার প্রায় হারিয়ে যাওয়া এসব সংস্কৃতির আলোচনাই ছিল এ বছরের বেগম ফয়জুন্নেসা কবীর উদ্দিন রহমানী স্মৃতি-বক্তৃতার বিষয়। ‘পুরান ঢাকার সামাজিক রীতিনীতি ও পঞ্চায়েতব্যবস্থা’ শিরোনামে বেগম ফয়জুন্নেসা কবীর উদ্দিন রহমানী স্মৃতি ট্রাস্ট ফান্ডের দ্বিতীয় স্মারক বক্তৃতাটি উপস্থাপন করেন সাভার গণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেসবাহ-উস-সালেহীন।
গতকাল বিকেল চারটায় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বক্তা মেসবাহ-উস-সালেহীন বললেন, তাঁর ৬৮ বছরের ঢাকাবাসের অভিজ্ঞতা, ঢাকা নিয়ে লেখা বইপত্র আর এখানকার প্রবীণ বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রবন্ধটি লিখেছেন তিনি। ১৮৮০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত ঢাকার আদি বাসিন্দার উৎসব-জীবনচর্চা উঠে আসে তাঁর আলোচনায়।
মেসবাহ-উস-সালেহীন বলেন, যেকোনো পুরোনো শহরের একধরনের নিজস্ব ঐতিহ্য গড়ে ওঠে। পূর্ব লন্ডনের স্থানীয় বাসিন্দা ককনিদের ভাষা অন্য ব্রিটিশদের চেয়ে আলাদা। লন্ডনের ‘ককনি’, কলকাতার ‘ক্যালকেশিয়ান’ আর পুরান দিল্লির ‘দিল্লিওয়ালা’-দের মতো ‘ঢাকাইয়া’রাও নিজেদের আলাদা ভাষা ও রীতিনীতি গড়ে উঠেছিল, যা অনেক ক্ষেত্রে বাঙালিদের চেয়ে আলাদা। স্মৃতি বক্তৃতার পুরো আয়োজনটি ছিল কিছুটা অনানুষ্ঠানিক ও স্বতঃস্ফূর্ত। বক্তৃতা শেষে প্রশ্নোত্তর ছিল পর্ব। স্মারক বক্তৃতার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ড. সাব্বির আহমেদ। বেগম ফয়জুন্নেসা কবীর উদ্দিন রহমানী স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে মঞ্চে ছিলেন অধ্যাপক হাফিজা খাতুন।