নানা অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা-বাগানের পঞ্চায়েতের সভাপতির বরখাস্তের দাবিতে গতকাল বুধবার শ্রমিকেরা ধর্মঘট পালন করেছেন।পুলিশ ও চা-বাগান সূত্রে জানা গেছে, সকাল আটটা থেকে হাজিরা দিয়ে নয়টায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার নিয়ম। তবে গতকাল সকালে ইটা চা-বাগানের শ্রমিকেরা কাজে যোগ দেননি। তাঁরা বাগানের মসজিদের কাছে সমবেত হন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় দুপুর ১২টার দিকে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন।শ্রমিকদের অভিযোগ, ইটা চা-বাগান পঞ্চায়েতের সভাপতি নাসিম আলী নানা অনিয়মের সঙ্গে জড়িত। তাঁকে চা-বাগানের চাকরি থেকে বরখাস্তের দাবিতে প্রায় ৫০০ শ্রমিকের সই করা একটি আবেদনপত্র গত ২১ জুন বাগান ব্যবস্থাপকের কাছে দেওয়া হয়। কিন্তু বাগান ব্যবস্থাপক কোনো ব্যবস্থা নেননি। তাই গতকাল ধর্মঘট পালন করা হয়।ইটা চা-বাগানের ব্যবস্থাপক মো. মামুদ আলী প্রথম আলোকে বলেন, ‘নাসিম আলী পঞ্চায়েতের নির্বাচিত সভাপতি, রেজিস্টার্ড শ্রমিক। শ্রমিকেরা দাবি করলেই তো আর তাঁকে আমি চাকরিচ্যুত করতে পারি না। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জনপ্রতিনিধিরা মিলে উপপরিচালকের (শ্রম) সঙ্গে কথা বলেছেন। আগামী সোমবার বৈঠক ডাকা হয়েছে। সেখানে সবাই উপস্থিত থাকবেন। ওই দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’সভাপতি নাসিম আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।