নরসিংদীর মনোহরদীর প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে রড দিয়ে পিটিয়ে হত্যার পেছনে শুধু বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে ট্রাক্টর চালাতে বাধা দেওয়াই কারণ নয়; গ্রামের পঞ্চায়েতের প্রধান হওয়ায় একটি পরিবার তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।এ কারণেও শিক্ষক সিরাজকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে বলে মনে করেন তাঁর বড় ছেলে মো. সালাহউদ্দিন। এ দিকে শিক্ষক হত্যা মামলার আসামি রাজু মিয়া ও তাঁর ছেলে আকরাম হোসেনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মনোহরদীর চালাকচর ইউনিয়নের চরপাড়া এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ উদ্দিনকে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।সিরাজ হত্যা মামলার বাদী সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার বাবা সামাজিক লোক ছিলেন। তিনি গ্রামের পঞ্চায়েতের প্রধান হিসেবে বিচার-সালিস করতেন। এ কারণে ট্রাক্টরচালক রাজু মিয়া ও তাঁর পরিবারের লোকজন বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন। কেননা তিনি অনেকবার রাজু মিয়ার পরিবার ও স্বজনদের অপকর্মের জন্য শাস্তি দিয়েছিলেন। এর জের ধরে রাজু মিয়া ও তাঁর পরিবারের লোকজন বিদ্যালয়ের সামনের রাস্তায় ট্রাক্টর চালানো নিয়ে বাবার সঙ্গে ইচ্ছে করে বিরোধে জড়িয়ে পড়ে।’প্রধান শিক্ষক সিরাজের বড় ভাই চালাকচর ইউনিয়নের সাবেক দফাদার জয়নাল আবেদীনসহ স্থানীয় লোকজন প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে একাধিক ডাকাতি মামলার আসামি রাজু মিয়ার ভাতিজা হিরণ মিয়াকে পুলিশে সোপর্দ করেন শিক্ষক সিরাজ। এ কারণেও তাঁরা সিরাজের ওপর ক্ষুব্ধ ছিলেন।হত্যাকাণ্ডের বিচারের দাবি: গতকাল দুপুর ১২টার দিকে মনোহরদীর চালাকচর ইউনিয়নের চরপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, রমজান মাস উপলক্ষে চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ছিল বন্ধ। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি সব শ্রেণীর শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয় ও পরে প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনের বাড়িতে ভিড় জমায়। এ সময় পরিবারের লোকজনকে কাছে পেয়ে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। তারা শিক্ষক সিরাজ হত্যা মামলার অন্য তিন আসামি রাজু মিয়ার ছেলে নূর হোসেন ও আল আমিন এবং ভাতিজা মো. ছফির উদ্দিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। ছফির ডাকাতি মামলার আসামি হিরণ মিয়ার আপন ভাই। প্রাথমিক শিক্ষার ডিজির ঘটনাস্থল পরিদর্শন: বেলা তিনটার দিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শ্যামল কান্তি ঘোষ, বিভাগীয় উপপরিচালক মাহফুজুল ইসলাম, পলিসি ও অপারেশন বিভাগের পরিচালক ফারুক জলিল, নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের ও মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ খান চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাঁরা সিরাজের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনকে সান্ত্বনা দেন। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউসুফ খান ঘোষণা দেন, প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে হত্যার প্রতিবাদে তাঁরা আজ রোববার শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবেন। শিক্ষক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি গতকাল ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। মনে হচ্ছে, শুধু রাস্তা নিয়ে এ হত্যাকাণ্ড হয়নি, অন্য কারণ থাকতে পারে। তদন্তের স্বার্থে এখনই সবকিছু বলা সম্ভব হচ্ছে না।’