পঞ্চায়েতের দ্বন্দ্বে প্রাণ গেল চার শিশুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলের সুন্দ্রাটিকির আশপাশের গ্রামগুলোতে একটি কিংবা দুটি পঞ্চায়েত কমিটি আছে। কিন্তু সুন্দ্রাটিকিতে আছে আটটি পঞ্চায়েত কমিটি। এই আট পঞ্চায়েত কমিটির মধ্যে আবার রয়েছে দুটো পক্ষ। একটি পক্ষের প্রধান নিহত চার শিশুর দূরসম্পর্কের দাদা। তাই শিশুদের পরিবারের অভিযোগ, এ হত্যায় তাদের প্রতিপক্ষের হাত থাকতে পারে। তদন্তকাজে নিয়োজিত গোয়েন্দা পুলিশের সূত্রও বলেছে, পঞ্চায়েত দ্বন্দ্বকে ঘিরেই শুরু হয়েছে তদন্ত।

গত বুধবার চার শিশুর লাশ উদ্ধারের পর রাতেই গ্রামের আবদুল আলী ওরফে বাগাল এবং তাঁর ছেলে জুয়েল মিয়াকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। নিহত শিশুদের পরিবার হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধ যে পক্ষের দিকে আঙুল তুলেছে, আবদুল আলী সেই পক্ষের নেতা।

হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র প্রথম আলোকে বলেছেন, পুলিশ নানাভাবে তথ্য নিয়ে এ হত্যাকাণ্ডে আবদুল আলীসহ তাঁর ছেলেদের সম্পৃক্ততাকেই সন্দেহ করছে।

গত শুক্রবার পাশের গ্রামে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় সুন্দ্রাটিকির মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমদ, আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া, আবদাল মিয়ার ছেলে মনির ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন। গত বুধবার সকালে গ্রাম থেকে এক কিলোমিটার দূরের একটি ছড়ায় বালু তুলতে গিয়ে শ্রমিকেরা বালুচাপা অবস্থায় একটি শিশুকে দেখতে পায়। অভিভাবকদের উপস্থিতিতে পরে পুলিশ এসে নিখোঁজ এই চার শিশুর লাশ উদ্ধার করে।

বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকির একদিকে চা-বাগান। বাকি দুই দিক খোলা। ভাদেশ্বরের একটি বড় গ্রাম এই সুন্দ্রাটিকি। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, পঞ্চায়েতনিয়ন্ত্রিত এ গ্রামে ১১টি পাড়া রয়েছে। পঞ্চায়েত কমিটি রয়েছে আটটি। এর মধ্যে সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল খালিকের নেতৃত্বাধীন এক পক্ষ এবং আবদুল আলী ওরফে বাগালের নেতৃত্বাধীন পক্ষের পূর্ববিরোধ আছে। চার শিশুর দূরসম্পর্কে দাদা হন আবদুল খালিক। গত ৪ জানুয়ারি আবদুল খালিকের নেতৃত্বাধীন পঞ্চায়েত কমিটি দুজন লোককে সামাজিকভাবে একঘরে করার ঘোষণা দেয়। আবদুল আলীর নেতৃত্বাধীন পঞ্চায়েত কমিটি ওই দুজনের পক্ষ নেওয়ায় এ নিয়ে দুই পক্ষে রেষারেষি শুরু হয়।

সুন্দ্রাটিকি গ্রামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই দফা অবস্থানকালে বিভিন্ন বয়সী ৫১ জন গ্রামবাসী ও সাত গৃহিণীর সঙ্গে আলাপ হয়। তাঁদের মধ্যে আবদুল আলীর পক্ষ ছাড়া সাতটি পঞ্চায়েত কমিটিতে থাকা লোকজনও রয়েছেন। তাঁদের বেশির ভাগই এক বাক্যে বলেছেন, সামাজিক শত্রুতা থেকে এ ঘটনা ঘটতে পারে এবং তাঁদের ধারণা, আবদুল আলী পক্ষই এ ঘটনা ঘটিয়েছে।

শিশু মনিরের বাবা আবদাল আলী অভিযোগ করে বলেন, ‘গ্রামে শত্রু আসলে আবদুল আলীর লোকজন। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’

শিশুদের দূরসম্পর্কের দাদা আবদুল খালিক মাস্টারের সঙ্গে তাঁর বাড়ির আঙিনায় বসে কথা হয়। তিনি গ্রামে আটটি পঞ্চায়েত কমিটি থাকার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আট পঞ্চায়েত হলেও একটি পক্ষ ছাড়া কারও সঙ্গে রেষারেষি নেই। এই একটি পক্ষ হচ্ছে আবদুল আলী পক্ষ।’ এই সূত্রে তাঁকে বা তাঁদের পক্ষকে জব্দ করতেই চার শিশুকে হত্যা করা হতে পারে বলে তিনি ধারণা করেন। এ ক্ষেত্রে আবদুল খালিক সরাসরি কারও নাম উল্লেখ না করে বলেন, ‘এবার আপনারাই বুঝে নেন, শত্রু কারা!’

অভিযুক্ত আবদুল আলীর বাড়িতে গিয়ে কোনো পুরুষ লোক পাওয়া যায়নি। আবদুল আলীর স্ত্রী আলেমা বেগম বলেন, এ ঘটনার সঙ্গে তাঁর স্বামী ও সন্তানেরা জড়িত নয়। গ্রামের কোন্দলের কারণে তাঁদের ফাঁসানোর জন্য প্রতিপক্ষের লোকজন এ মামলায় জড়িয়েছেন তাঁদের। আফিয়া খাতুন নিজেকে আবদুল আলীর পুত্রবধূ পরিচয় দিয়ে বললেন, ঘটনাটি তাঁদেরও কাঁদিয়েছে, তাঁরাও চান খুনিরা ধরা পড়ুক।

ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মত্তাচ্ছির মিয়া বলেন, ‘সুন্দ্রাটিকির আট পঞ্চায়েত কমিটির মধ্যে দুটো পক্ষে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। এটা সবারই জানা। তবে এর বিরোধেই এ হত্যাকাণ্ড কি না, তা আগ বাড়িয়ে বলতে চাই না।’

গতকাল সকালে আবারও সুন্দ্রাটিকিতে যান জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। তিনি বলেন, আবদুল আলীর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার এলাকা পরিদর্শনের পর গোয়েন্দা পুলিশ তাঁর পরিদর্শনের পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে থেকে তদন্তকাজ শুরু করেছে। ডিবিসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রামে পঞ্চায়েত কমিটির বিরোধের বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে।

পাঁচজন গ্রেপ্তার: চার শিশু হত্যার ঘটনায় আবদুল আলী ও তাঁর ছেলে জুয়েলের পাশাপাশি রুবেল (১৮), আরজু (৪০) এবং বশির মিয়া (৪০) নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আবদুল আলী ও জুয়েলকে গতকাল হবিগঞ্জ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। পুলিশ তাঁদের ১০ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক কাউসার আলম আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি পুলিশ গত মঙ্গলবার দায়ের করা অপহরণ মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করার জন্য আদালতে আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।

 আলোচিত মামলাটি বাহুবল থানা থেকে হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। এর তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মোক্তাদির হোসেন।

চিকিৎসায় অস্থায়ী ক্যাম্প: নিহত চার শিশুর মায়েদের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ায় গ্রামে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাঁদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যগত সমস্যা দেখে এ ক্যাম্প বসানোর ব্যবস্থা করেন।

কেয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, চার শিশুর মায়েরা প্রায় ছয় দিন ধরেই কাঁদছেন, কখনো মূর্ছা যাচ্ছেন। তাঁরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। বিষয়টি দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা বললে চিকিৎসকেরা চার শিশুর মায়ের অবস্থা দেখে অস্থায়ী ক্যাম্প বসিয়েছেন।

 বাহুবল উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার দাশ বলেন, চারজন মায়ের স্বাস্থ্যগত নানা সমস্যা ধরা পড়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ রক্তচাপ কমে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন।