পঞ্চায়েতের সিদ্ধান্ত না মানায় একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় স্থানীয় পঞ্চায়েত কমিটির সিদ্ধান্ত না মানায় একটি পরিবারকে এক মাস ধরে একঘরে করে রেখেছেন সমাজপতিরা। এমনকি পরিবারের এক শিশুকেও স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। স্কুল থেকে চাকরিচ্যুত করা হয়েছে শিশুটির মাকে।
পরিবারটির অপরাধ, তাদের দুই আত্মীয়ের সঙ্গে একটি জমির সীমানা নিয়ে বিরোধ থাকায় আদালতে বাঁটোয়ারা মামলা করেছিলেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি ৯ অক্টোবর পুলিশ সুপারের কাছে একটি আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, পুলিশ সুপারের নির্দেশে গতকাল সোনাকান্দা পঞ্চায়েত কমিটির লোকজন ও একঘরে করে রাখা ইউসুফ আলীকে থানায় ডেকে মীমাংসা করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের লোকজন একঘরে করে রাখার ঘোষণা প্রত্যাহার করেছেন।
তবে ইউসুফের ভগ্নিপতি ফারুক হোসেন বলেন, ‘জমির সীমানা চিহ্নিত করতে আদালতে মামলা করায় আমাদের অবৈধভাবে একঘরে করা হয়েছে। পুলিশ সেই বিচার না করে উল্টো পঞ্চায়েতের পক্ষ নিয়ে আমাদের রাস্তার জন্য জমি ছাড়তে বলছে। আমরা এ সালিস মানি না।’
ইউসুফ জানান, তাঁর মায়ের মালিকানাধীন ও পৈতৃক সূত্রে পাওয়া জায়গায় (কয়েক বছর আগে পঞ্চায়েত ও স্থানীয় সমাজপতিদের বণ্টন অনুযায়ী) টিনশেডের পাকাবাড়ি নির্মাণ করে বসবাস করছেন তিনি। সম্প্রতি তাঁদের পাশের সীমানায় থাকা তাঁর মামা নজরুল ইসলাম মৃধা ও তোতা মৃধা নিজেদের রাস্তার প্রয়োজনে নিজেদের জমির ওপর দিয়ে রাস্তা না নিয়ে তাঁদের মালিকানাধীন জমির ওপর নির্মিত বাড়ি ভেঙে দিয়ে রাস্তা দাবি করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে তা পঞ্চায়েত পর্যন্ত গড়ায়। পঞ্চায়েত একতরফাভাবে নজরুল ও তোতার পক্ষ নিয়ে রাস্তার জন্য জমি ছেড়ে দিতে চাপ দেয়। কারণ পঞ্চায়েতের সভাপতি আহসান উল্লাহ মৃধা নজরুল মৃধার চাচা।
নিরুপায় হয়ে ইউসুফ নারায়ণগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেন। এরপর পঞ্চায়েত নেতারা গত ২৭ সেপ্টেম্বর ইউসুফের পরিবারকে একঘরে করার ঘোষণা দেন। পরদিন আহসান উল্লাহ এলাকার দোকানে দোকানে গিয়ে ইউসুফদের কাছে কোনো পণ্য বিক্রি করতে নিষেধ করেন। এরপর ইউসুফকে অবৈধভাবে স্থানীয় সোনাকান্দা হোয়াইট ক্লাব ও সমাজকল্যাণ সংস্থার নির্বাচিত ক্রীড়া সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ইউসুফের বোন আসমা খাতুনকে সোনাকান্দা কিন্ডারগার্টেনে শিক্ষিকার পদ থেকে ও সেখানে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ভাগ্নিকে জোর করে বের করে দেওয়া হয়।
পঞ্চায়েতের সভাপতি আহসান উল্লাহ মৃধা প্রথম আলোকে বলেন, ‘থানায় বিষয়টির মীমাংসা হয়ে গেছে। আমরা পরিবারটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি।’ তবে সোনাকান্দা এলাকার একাধিক দোকানি গতকাল জানান, ইউসুফের পরিবার এখনো সমাজচ্যুত রয়েছে। গত শনিবারও পঞ্চায়েতের সদস্য শহীদ মৃধা বলে গেছেন, ইউসুফের পরিবারের কাছে যেন কোনো সওদা বিক্রি করা না হয়।
ওই এলাকার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসেন বলেন, পঞ্চায়েতের সিদ্ধান্ত না মানায় ইউসুফকে সমাজচ্যুত করা হয়েছে। ঘটনার মীমাংসা হয়ে গেলে আবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।