পটকা ফাটানোর সময় আহত ২
গাজীপুরের কালীগঞ্জে পটকা ফাটানোর সময় আনসার সদস্যসহ দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে বিজয় দিবসের প্রথম প্রহরে আরআরএন পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পটকা ফাটিয়ে ৩১ বার তোপধ্বনি করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কালীগঞ্জ থানায় কর্মরত আনসার সদস্য মো. মুক্তার হোসেন (৩০) এবং একই থানার ইলেকট্রিশিয়ান কালাম হোসেন (৩২)। তাঁরা পটকা ফাটাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তাড়াহুড়া করে পটকা ফাটানোয় এ দুর্ঘটনা ঘটে। এতে মুক্তারের বাঁ হাতের তিনটি আঙুল উড়ে গেছে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমান বলেন, রাত একটার পর মুক্তার ও কালামকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মুক্তারের অবস্থা আশঙ্কাজনক।