পটকা বিস্ফোরণে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে একটি পটকা বিস্ফোরিত হয়। এই ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
হাসপাতালের কয়েকজন নার্স জানান, ভোর চারটার দিকে হাসপাতালের নার্সিং স্টেশনের পাশে বিকট শব্দে একটি পটকা বিস্ফোরিত হয়। এ সময় নার্স ও রোগী এবং রোগীর স্বজনেরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক রঞ্জিত চাকমা বলেন, সম্ভবত আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় গতকাল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সভা হয়। ভোর চারটার দিকে হাসপাতাল ভবনের দোতলায় এ ঘটনা ঘটলেও কেউ বলতে পারছে না কারা এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি বলেন, যে সময় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে সময় হাসপাতালের ওই ভবনে বাইরের কারও থাকার কথা নয়। সভায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কাপ্তাই থানায় জিডি করা হয়েছে।
হাসপাতালের জ্যেষ্ঠ হিসাবরক্ষক থোয়াইচা প্রু খিয়াং বলেন, ১৯০৭ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালে এ ধরনের ঘটনা কখনো ঘটেছে বলে তিনি শোনেননি।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) যশ চাকমা বলেন, একটি বড় ধরনের পটকার বিস্ফোরণ ঘটেছে। আশপাশে কেউ থাকলে আহত হওয়ার আশঙ্কা ছিল।