পটকা মাছ খেয়ে অসুস্থ, আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দোলাইরপাড়ে পটকা মাছ খেয়ে অসুস্থ হওয়া আরেকজন মারা গেছেন। তাঁর নাম সুজা ওরফে সূর্য (২৫)। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে পটকা মাছ খাওয়ার ঘটনায় একই পরিবারের চারজন মারা গেল।
গত সোমবার রাতে মারা যাওয়া তিনজন হলো সুজার ভাই মো. শাহীন (২২) এবং দুই ভাগনে জুম্মন (১১) ও রবিন ওরফে নবীন (৮)। গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন জুম্মনের মা ফরিদা পারভীন (৩২)।
ফরিদার স্বামী নাজিম সাংবাদিকদের জানান, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি দোলাইরপাড়ে থাকেন। তাঁদের সঙ্গে দুই শ্যালক শাহীন ও সুজাও থাকত। স্থানীয় একটি দোকানে তিনি সিএনজিচালিত অটোরিকশার পর্দা সেলাইয়ের কাজ করেন। সোমবার বিকেলে তাঁর স্ত্রী ফরিদা এক কেজি পটকা মাছ কিনে সন্ধ্যায় মাছের ভেতরের খাবারযোগ্য অংশ পেঁয়াজ দিয়ে রান্না করেন। রাতে বাসার সবাই ওই মাছ খায়। এরপর একে একে সবাই অচেতন হয়ে পড়ে। নাজিম অল্প মাছ খাওয়ায় তাঁর কোনো সমস্যা হয়নি।
নাজিম জানান, তাঁর তিন সন্তানের মধ্যে একজন চার-পাঁচ বছর আগে পুকুরে ডুবে মারা যায়। জুম্মন স্থানীয় একটি বৈদ্যুতিক দোকানে চাকরি করত। শ্যালক শাহীন পাইপের দোকানে ও সুজা ভাঙারির দোকানে চাকরি করত।
কদমতলী থানার পুলিশ জানায়, ভুক্তভোগী পরিবারের তিনজন প্রতিবেশী মাছ বিক্রি করে। তবে এঁদের কার কাছ থেকে মাছগুলো কেনা হয়েছে তা জানা যায়নি। ফরিদা একটু সুস্থ হলেই তাঁর বক্তব্য নেওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে ওই চারজনের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। চারটি লাশের সুরতহাল তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিকেল পাঁচটার দিকে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, এ ঘটনায় এখনো মামলা বা কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।