পটকা মাছ খেয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দোলাইরপাড়ে গতকাল সোমবার রাতে একই পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় আরও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, পটকা মাছ খেয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে তাঁদের প্রতিবেশীদের সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তিরা হলেন মো. শাহিন (২৮), তাঁর দুই ভাগনে জুম্মন (১২) ও নবীন (৯)। আর চিকিৎসাধীন আছেন জুম্মনের মা ফরিদা বেগম (৩০) ও ফরিদার ভাই সুজা (২৫)।
ভুক্তভোগীদের প্রতিবেশী দুলাল হাসপাতালে কর্তব্যরত সাংবাদিকদের জানান, স্থানীয় এক মাছ বিক্রেতার কাছ থেকে পটকা মাছ কিনে পরিবারটির সদস্যরা গতকাল রাতে খান। এর পরপরই পাঁচজন অচেতন হয়ে পড়েন। তাঁদের রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’