পটকা মাছের শুঁটকির বিষক্রিয়ায় একজনের মৃত্যু, অসুস্থ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রোয়াংছড়িতে পটকা মাছের শুঁটকির বিষক্রিয়ায় গত সোমবার একজনের মৃত্যু ও পাঁচজন অসুস্থ হয়ে পড়েছে। তারা হাটের দিনে বাজার থেকে ওই শুঁটকি মাছ কিনে তরকারি খেয়েছিল বলে গতকাল মঙ্গলবার স্থানীয় লোকজন ও চিকিৎসকেরা জানিয়েছেন। রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বিষক্রিয়ায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হলেও স্বাস্থ্যকর্মীরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিষক্রিয়ায় মৃত ব্যক্তির মরদেহ সৎকার অনুষ্ঠানের জন্য সকালে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।স্থানীয় লোকজন বলেছেন, সোমবার রোয়াংছড়ি উপজেলা সদর বাজারের হাটবার ছিল। হাটের দিনে এক শুঁটকি ব্যবসায়ীর কাছ থেকে ব্যাঙছড়িপাড়ার মংবাচিং মারমা (৫৮) শুঁটকি কেনেন। ব্যাঙছড়িপাড়ার ক্যবামং মারমা বলেছেন, মংবাচিং জানতেন না পটকা মাছ বিষাক্ত। বাড়ির সবাই ওই শুঁটকির তরকারি দিয়ে ভাত খাওয়ার পর রাতে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। কিন্তু উপজেলা সদর থেকে দুর্গম ব্যাঙছড়িপাড়া প্রায় ১০ কিলোমিটার দূরে হওয়ায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা সম্ভব হয়নি। রাতে পাতলা পায়খানা ও অসহ্য শারীরিক যন্ত্রণায় মংবাচিং মারমা (৫৫) মারা যান। পরিবারের অন্যদের রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তারা হলো মৃত মংবাচিং মারমার স্ত্রী ম্রাসাচিং (৫৫), মেয়ে মুইয়িউ (৩০), নাতি প্রুসাইচিং (৭), নুসাইম্যা (৫) ও হ্লাসাইম্যা (৩)। রোয়াংছড়ি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা (এমও) আশফাকুল ইসলাম বলেছেন, পটকা মাছে টেরাওডো জাতীয় বিষ থাকে। এ বিষের প্রভাবে জিহ্বা ও শ্বাসনালী অবশ হয়ে যায়। সুচিকিৎসা না হলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, তাঁরা পটকা মাছের শুঁটকি খেয়ে একজনের মৃত্যু হওয়ার কথা শুনেছেন।