পটলকে শেষ শ্রদ্ধা বিএনপির
দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলকে শেষ শ্রদ্ধা জানিয়েছে তাঁর দল বিএনপি। আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রয়াত এই নেতার জানাজা হয়। দলের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা শেষে ফজলুর রহমান পটলের মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। আজ সকালে তাঁর মরদেহ নেওয়া হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা দলীয় পতাকা দিয়ে তাঁর কফিন ঢেকে দেন। এরপর সেখানে জানাজা শেষে কফিনে ফুল দিয়ে নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নয়াপল্টনে অনুষ্ঠিত জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।