পটিয়ায় অপহৃত স্কুলছাত্র কক্সবাজার থেকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা এলাকা থেকে অপহরণের তিন দিন পর স্কুলছাত্র মো. ইলিয়াছ ওরফে ইমনকে (১০) গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ।
ইলিয়াছ শিকলবাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে মধ্যম শিকলবাহা গ্রামের মোহাম্মদ ইদ্রিচের ছেলে।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার ইলিয়াছ স্কুল থেকে বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সেদিন সন্ধ্যায় পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। পরে অপহরণকারীরা ইলিয়াছের পরিবারের কাছে মুঠোফোনে ২৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ সূত্র জানায়, কক্সবাজার সদর উপজেলার মোবারক নামের এক ব্যক্তি ইলিয়াছকে অপহরণ করে বলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশ মোবারকের গ্রামের বাড়িতে অভিযান চালায়। সেখানে মোবারককে পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী রোমেনা আকতার (২৫) এবং ভাই সেলিম (৪১) ও আজিজকে (২৮) গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে কক্সবাজারের মহেশখালী ঘাট এলাকায় ইলিয়াছকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
ইলিয়াছের বাবা মোহাম্মদ ইদ্রিচ বলেন, মোবারক কাজল পরিচয় দিয়ে গত দুই বছর ধরে তাঁদের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রিকশা চালাতেন।
ইলিয়াছ বলল, ‘স্কুল ছুটি শেষে কাজল আংকেল আমাকে বলেন, তোমার মা অসুস্থ। তোমার আব্বু তোমাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছেন। এ কথা বলে তিনি সিএনজি করে আমাকে নিয়ে যান।’
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, ‘পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে ইলিয়াছকে উদ্ধার করা হয়।’ তিনি বলেন, মোবারক এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে পাঁচ-ছয়টি মামলা আছে।
পুলিশ জানায়, ইলিয়াছকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। মামলায় পলাতক মোবারক, তাঁর স্ত্রী এবং ভাই সেলিম ও আজিজকে আসামি করা হয়েছে।