পটিয়ায় আওয়ামী লীগ ও জাপার মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক হারুনুর রশিদ তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধিভঙ্গের অভিযোগ করেছেন। তাঁর দাবি, পরাজয় নিশ্চিত জেনে বিএনপির প্রার্থী তাঁর বিরুদ্ধে কাল্পনিক, মনগড়া ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। গতকাল সোমবার সন্ধ্যায় পটিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে অধ্যাপক হারুনুর রশিদ বলেন, গত পাঁচ বছর মেয়র থাকাকালে এলাকায় উন্নয়ন করেছেন তিনি। যে কারণে দলমত-নির্বিশেষে নৌকা প্রতীকের পক্ষে এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক সাংসদ ছেমন আরা তৈয়ব, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্তী প্রমুখ।
জাপার সংবাদ সম্মেলন: জাতীয় পার্টির মেয়র প্রার্থী সামশুল আলম মাস্টার কেন্দ্র দখল ও ব্যালেট বাক্স ছিনতাই করার চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে বলে তিনি জানান। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক নুরুচছা সরকারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।