পটিয়ায় আবারও ডাকাতি নিহত ১, গুলিবিদ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ হাইদগাঁও মধ্যমপাড়া গ্রামের অলি সওদাগরের বাড়িতে গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অলি সওদাগরের দুই ছেলে সামশুল আলম ও সোনা মিয়ার ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার, ১৮ হাজার টাকা, ১২টি মুঠোফোনসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, ডাকাতির খবর পেয়ে কয়েক শ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে ডাকাতদের প্রতিরোধ করতে গেলে ডাকাত দল গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় ডাকাতের গুলিতে ইদ্রিচ মিয়া সওদাগর (৪৫) নামের এক চায়ের দোকানদার ঘটনাস্থলে মারা যান এবং গুলিবিদ্ধ হন আরও তিন গ্রামবাসী।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন একই গ্রামের ইমরান (২১), জাহাঙ্গীর (২০) ও মোহামঞ্চদ ইছমাইল (১৮)। তাঁদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহতাবস্থায় ইমরান ও ইছমাইলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মোহামঞ্চদ জাহাঙ্গীর বলেন, ‘অলি সওদাগরের বাড়িতে ডাকাতি হচ্ছে জেনে এলাকার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করা হয়। এ খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কের ওপর আমরা শত শত গ্রামবাসী ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করি। ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর দিকে গুলি ছুড়তে থাকে। এ সময় একই গ্রামের কমল আহমদের ছেলে ইদ্রিচ মিয়ার বুকে ও মুখে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। আমরা তিনজন গুলিবিদ্ধ হই।’
হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ বলেন, ডাকাতদের ফেলে যাওয়া আলামত পুলিশের কাছে দেওয়া হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতদের ফেলে যাওয়া মানিব্যাগ থেকে একটি ঠিকানা ও ছবি পাওয়া গেছে। তার ভিত্তিতে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মোহামঞ্চদ মোরশেদ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গত শনিবার শোভনদণ্ডী ইউনিয়নের আশাতা গ্রামের চার ঘরে ডাকাতি হয়েছিল।